রূপপুর পারমাণবিক প্রকল্পের পরিবেশগত সমীক্ষা শেষ জুনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়ন করা হলে পরিবেশের ওপর তার কী প্রভাব পড়বে, সরকার সে সম্পর্কিত সমীক্ষা আগামী জুনের মধ্যে শেষ করবে। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। বৈঠক শেষে কমিটির সদস্য শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প করতে ৬০টি পরিবেশগত সমীক্ষা চালাতে হবে। এরমধ্যে বাংলাদেশ ১২টি এবং রাশিয়া ২২টি সমীক্ষা চালিয়েছে। বাংলাদেশের সমীক্ষাগুলোতে রাশিয়া সহযোগিতা দিচ্ছে। সরকার গত বছরের নভেম্বরে রাশিয়ার সঙ্গে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদন ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করে। সংসদীয় কমিটিতে উপস্থাপিত মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশগত সমীক্ষা চূড়ান্ত করতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মপরিধি পরিবেশ অধিদপ্তর অনুমোদন করেছে। এই সমীক্ষা শেষ করতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে একটি চুক্তি হয়েছে। প্রকল্পের ব্যয় নির্ধারণ এবং অর্থায়নের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য একটি মধ্যস্থতাকারী দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় গ্রিডে এ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরুর জন্য রাশিয়ার সঙ্গে আলাদা একটি চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।কমিটির সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, শাহরিয়ার আলম, আব্দুল্লাহ-আল-কায়সার ও তানভীর শাকিল অংশ নেন। বৈঠকে বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান উপস্থিত ছিলেন।