রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সমীক্ষা ডিসেম্বরে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সমীক্ষা পরিচালনার প্রস্তুতি শেষ হয়েছে। আগামী ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ-রাশিয়া সম্মেলনের পর আনুষ্ঠানিকভাবে এ কাজ শুরু হবে। জনসাধারণ যাতে এই কেন্দ্র সম্পর্কে তথ্য পেতে পারে, সে জন্য একই সময়ে একটি তথ্যকেন্দ্রও স্থাপন করা হবে।ইতিমধ্যে জাতীয় সংসদে পাস হওয়া ‘রেডিয়েশন কন্ট্রোল অথরিটি (তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ) আইন’ অনুযায়ী একটি কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের প্রতিটি পর্যায়ে ইন্টরন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) পরামর্শও বাংলাদেশের জন্য নিশ্চিত হয়েছে।জানতে চাইলে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান প্রথম আলোকে বলেন, ডিসেম্বরের সম্মেলনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাব্যবস্থাসহ সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। তার পরই মাঠপর্যায়ে সমীক্ষার কাজ শুরু করা হবে। আর এই প্রকল্প সম্পর্কে যাবতীয় তথ্য জনগণকে জানানোর জন্য বিজয় সরণির বঙ্গবন্ধু নভোথিয়েটার ভবনে একটি তথ্যকেন্দ্র থাকবে। সরকারি সূত্রগুলো জানায়, এই বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়ন ইতিমধ্যে কিছুটা পিছিয়েছে। বর্তমান সরকারের নেওয়া মূল পরিকল্পনা অনুযায়ী এক হাজার মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটটি ২০১৬-১৭ সালে চালু হওয়ার কথা ছিল। এখন তা অন্তত এক বছর পরে হবে।সমীক্ষা হবে ৬২টি: বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের জন্য রূপপুরে মোট ৬২টি আলাদা সমীক্ষা চালানো হবে। এর মধ্যে ২৬টি সমীক্ষা চালাবেন দেশের বিজ্ঞানী-বিশেষজ্ঞরা। ৩৬টি চালাবেন রাশিয়ার বিজ্ঞানী-বিশেষজ্ঞরা। সমীক্ষাগুলোর বিষয় হবে রূপপুরের মাটি, পানি, পরিবেশ-প্রতিবেশ।এই সমীক্ষা পরিচালনা, নকশা প্রণয়ন ও দেশীয় জনবল প্রশিক্ষণে ব্যয় হবে ৫০ কোটি মার্কিন ডলার (প্রায় চার হাজার কোটি টাকা)। সমগ্র প্রকল্পে কত ব্যয় হবে সে সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত ব্যয়ের অঙ্ক জানা যাবে সমীক্ষার পর। তবে ব্যয় যা-ই হোক, এর প্রায় ৮৫ শতাংশ সহজ শর্তের ঋণ হিসেবে রাশিয়ার কাছ থেকে পাওয়া যাবে। এ ব্যাপারে দুই দেশের সরকারের মধ্যে একটি ঋণচুক্তি সই হবে।সূত্রমতে, চলতি বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মস্কো সফরের সময় ওই ঋণচুক্তি সই হতে পারে। এর আগে রাশিয়া চুক্তির একটি খসড়া পাঠাবে। দুই দেশের মধ্যে আলোচনায় ঋণের সুদ তিন শতাংশের বেশি না করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।কর্তৃপক্ষ গঠন ও প্রশিক্ষণ: সরকার বিজ্ঞানীদের সমন্বয়ে তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া শুরু করেছে। প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, এই কর্তৃপক্ষের কাজেও সহায়তা করার জন্য রাশিয়াকে অনুরোধ করা হয়েছে এবং তারা তা দিতে রাজি হয়েছে।বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনে রাশিয়ার সহায়তার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে প্রতিনিধিদলের আসা-যাওয়া চলছে। বাংলাদেশ থেকে যাচ্ছে মূলত প্রশিক্ষণার্থীরা। আর রাশিয়া থেকে আসছে বিভিন্ন কারিগরি দল। গত মাসের শেষ ভাগেও রাশিয়ার একটি প্রতিনিধিদল এসে বঙ্গবন্ধু নভোথিয়েটার ভবনে তথ্যকেন্দ্র স্থাপনের বিষয়ে কাজ করে গেছে।আইএইএর পরামর্শ: গত ১৭-২১ সেপ্টেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত আইএইএর সম্মেলনে এশিয়ার অন্যন্য দেশের পাশাপাশি বাংলাদেশ ও ভিয়েতনামের মতো উন্নয়নশীল দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয় বিশেষভাবে আলোচিত হয়েছে।প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ওই সম্মেলনে অংশগ্রহণ করেন। তিনি প্রথম আলোকে বলেন, আইএইএর কর্মকর্তাদের তিনি অনুরোধ করেছেন সমীক্ষা থেকে শুরু করে বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও পরিচালনা পর্যন্ত সব পর্যায়ে পর্যবেক্ষণ ও পরামর্শ প্রদানের। তাঁরা তাতে সম্মতি দিয়েছেন।প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সব পর্যায়ে রাশিয়া যা যা বলবে, তার সবকিছু সম্পর্কেই আইএইএর পরামর্শ নিতে। এটা করতে আইএইএ যেমন রাজি হয়েছে, তেমনি রাশিয়ারও আপত্তি নেই বলে জানিয়েছে।’ সহযোগিতা চুক্তি: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশ ও রাশিয়া সরকারের মধ্যে চূড়ান্ত সহযোগিতা চুক্তি সই হয় গত বছরের ২ নভেম্বর। ওই চুক্তির সাতটি দফা নিম্নরূপ:১. রুশ সরকার রূপপুর পরমাণু প্রকল্প এলকায় আনুমানিক প্রতিটি এক হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি (আনুমানিক মোট দুই হাজার মেগাওয়াট) পরমাণু বিদুৎকেন্দ্র স্থাপনে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।২. প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে রাশিয়া সহযোগিতা করবে। ৩. প্রয়োজনীয় অর্থায়নের বিষয়ে উভয় সরকারের মধ্যে একটি পৃথক চুক্তি হবে।৪. দীর্ঘমেয়াদে প্রয়োজনীয় পরমাণু জ্বালানি রাশিয়া সরবরাহ করবে।৫. তেজস্ক্রিয় বর্জ্য-‘স্পেন্ট ফুয়েল’ রাশিয়া ফেরত নেবে।৬. বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় মানবসম্পদ রাশিয়ার সহযোগিতায় উন্নয়ন করা হবে।৭. চুক্তির শর্ত বাস্তবায়নে রাশিয়ার পক্ষে ‘দ্য স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশন’ এবং বাংলাদেশ সরকারের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সার্বিক দায়িত্ব পালন করবে। এ ছাড়া রাশিয়ার পক্ষে জয়েন্ট স্টক কোম্পানি ‘অ্যাটমেস্টিরিয়েক্সপোর্ট’ ঠিকাদার হিসেবে এবং বাংলাদেশের পক্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ক্রেতা (কাস্টমার) হিসেবে দায়িত্ব পালন করবে।