রূপরেখা চুক্তি চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ট্রানজিট দিতে পুরোপুরি তৈরি নয়। ভারতের কাছ থেকে ট্রানজিটের বিনিময়ে মাশুল আদায়ের বিষয়টিও চূড়ান্ত হয়নি। নির্ধারণ করা যায়নি কোন কোন পথে পরিবহণ করা হবে ভারতের পণ্য। এ প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন সফরে ট্রানজিট নিয়ে মুল চুক্তি করার আগে একটি রূপরেখা চুক্তি সই করতে আগ্রহী বাংলাদেশ। তবে ভারত চায় নামমাত্র মাশুল দিয়ে বাংলাদেশের দুই সমুদ্র বন্দর ব্যবহার করতে। এ জন্য একটি প্রটোকল সইয়ের জন্য গত ডিসেম্বরে খসড়া প্রস্তাব পাঠায় তারা।বাংলাদেশ খসড়াটি অসম্পূর্ণ বলে মত দিলেও দুই বন্দর ব্যবহারে তাড়াহুড়ো করছে ভারত। গত ২৮ আগস্ট ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা শিব শংকর মেননের ঢাকা সফরের পর এ বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রটোকলের খসড়া পাঠিয়েছে ভারত।এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সরকারের দায়িত্বশীল একটি সূত্র গতকাল প্রথম আলোকে জানায়, ভারতের সঙ্গে ট্রানজিট নিয়ে একটি রূপরেখা চুক্তির খসড়া তৈরি হয়েছে। এই খসড়া ৬ সেপ্টেম্বর হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকে উত্থাপন করা হবে। দুই শীর্ষ নেতা একমত হলে বৈঠক শেষে রূপরেখা চুক্তিটি সই হতে পারে। ট্রানজিটের অবকাঠামো উন্নয়ন ও পণ্য পরিবহণ প্রক্রিয়া কীভাবে হবে, সে ব্যাপারে প্রস্তাবিত রূপরেখা চুক্তিতে সুস্পষ্ট দিকনির্দেশনা থাকবে।পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এবং ট্যারিফ কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ প্রতিবেদককে বলেন, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমানের নেতৃত্বে গত সপ্তাহে ট্রানজিটের একটি রূপরেখা চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে। ট্রানজিটের অবকাঠামো উন্নয়ন ও পণ্য পরিবহণ প্রক্রিয়া কীভাবে হবে, সে ব্যাপারে প্রস্তাবিত রূপরেখা চুক্তিতে সুস্পষ্ট দিকনির্দেশনা থাকবে। অর্থাৎ ট্রানজিটের আনুষঙ্গিক বিভিন্ন বিষয়, সম্ভাব্য পথ, কোন পণ্য কীভাবে আসবে, পণ্যের নিরাপত্তা, বিমাসহ বিভিন্ন বিষয় রূপরেখা চুক্তিতে থাকবে। ওই রূপরেখা চুক্তির আওতায় পরে বিভিন্ন প্রটোকল ও এসওপি সই হবে। জানতে চাইলে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান গতকাল প্রথম আলোকে বলেন, ‘সাধারণত ট্রানজিটের ক্ষেত্রে প্রথমে রূপরেখা চুক্তি সই হয়। এরপর বিভিন্ন সম্পূরক প্রটোকল সই হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আঞ্চলিক ট্রানজিট চুক্তির ক্ষেত্রেই এ ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।এ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক মোহাম্মদ ইউনুস প্রথম আলোকে বলেন, বাংলাদেশের জন্য এখন রূপরেখা চুক্তি করাই অধিকতর যুক্তিঙ্গত। কারণ রূপরেখা চুক্তির মাধ্যমে নীতিগত বিষয়গুলো বৃহত্তর আঙ্গিকে নির্ধারণ করা হয়। আর প্রটোকল চুক্তিতে খুটিনাটি বিষয়গুলো চূড়ান্ত হয়।ইউনুস ব্যাখ্যা করে বলেন, যেহেতু এখনো ট্রানজিটের বিভিন্ন বিষয়ে পুরোপুরি মতৈক্য হয়নি, এখনো অবকাঠামো প্রস্তুত নয়। তাই প্রটোকল চুক্তি করার অবস্থায় বাংলাদেশ নেই। বরং রূপরেখা চুক্তি করে ধাপে ধাপে প্রস্তুতি নিয়ে তারপর প্রটোকল সই করা যাবে। আর ভারতের দিক থেকে প্রটোকল চুক্তিতে বেশি আগ্রহ এ জন্যই যে এতে করে দ্রুত ট্রানজিট সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হবে।দুই বন্দরকেন্দ্রিক রুটে আগ্রহ: চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারে ট্রানজিট পেতে ভারত গত ডিসেম্বরে ‘চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারবিষয়ক ভারত ও বাংলাদেশের মধ্যে প্রটোকল’ শীর্ষক খসড়া বাংলাদেশে পাঠায়। ১০টি ধারা সংবলিত খসড়ায় চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশ থেকে ভারতে পণ্য আমদানি ও রপ্তানি সুবিধা, ওয়ারহাউজের সুবিধা, ভারত থেকে পণ্য আনা-নেওয়ার প্রক্রিয়া, রুটের বর্ণনা, শুল্কহার রহিতকরণ ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে রেল ও সড়কপথে বাংলাদেশের ১৫টি রুটে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এবং তৃতীয় দেশে পণ্য রপ্তানির কথা ওই প্রটোকলে উল্লেখ করা হয়েছে। ভারতের দেওয়া প্রস্তাবের সঙ্গে মিল রেখেই সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ট্যারিফ কমিশন ১৫টি রুট চিহ্নিত করেছে। এর মধ্যে ১২টি রুট হচ্ছে সড়ক পথে। প্রস্তাবিত সড়ক রুটগুলো চট্টগ্রাম বন্দর বা মংলা-বেনাপোল-পেট্রাপোল (ভারত), চট্টগ্রাম বা মংলা-তামাবিল-ডাউকি (ভারত), চট্টগ্রাম বা মংলা-হালুয়াঘাট-গাছুয়াপাড়া (ভারত), চট্টগ্রাম বা মংলা-বিবির বাজার-সুতারকান্দি (ভারত), চট্টগ্রাম বা মংলা-আখাউড়া-আগরতলা (ভারত), চট্টগ্রাম বা মংলা-তেগামুখ-দেমাগিরি (ভারত), চট্টগ্রাম বা মংলা-বিলোনিয়া (ভারত), চট্টগ্রাম বা মংলা-খাগড়াছড়ি-রামগড়-সাবরুম (ভারত), চট্টগ্রাম বা মংলা-বেতুলি-পুরান রাঘনাবাজার (ভারত), চট্টগ্রাম বা মংলা-বরোসোরা (ভারত), চট্টগ্রাম বা মংলা-সুনামগঞ্জ-লেনাবাজার (ভারত) এবং চট্টগ্রাম বা মংলা-চাতলাপুর (ভারত)।রেলরুটের মধ্যে রয়েছে চট্টগ্রাম বা মংলা-রাজশাহীর বিরল-রাধিকাপুর (ভারত), চট্টগ্রাম বা মংলা-রাজশাহীর রোহনপুর-সিঙ্গাবাদ (ভারত) এবং চট্টগ্রাম বা মংলা-দর্শনা-গেদে (ভারত)।বিরোধিতায় পিছু হটা: তবে ভারতের পক্ষ থেকে গত ডিসেম্বরে প্রটোকলের যে খসড়া দেওয়া হয়, তা নিয়ে বিভিন্ন সময় পররাষ্ট্র, বাণিজ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের পাশাপাশি ট্যারিফ কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন বৈঠকে প্রশ্ন তোলে। এসব মন্ত্রণালয় ও বিভাগের যুক্তি হচ্ছে, প্রস্তাবিত প্রটোকলটি অসম্পূর্ণ এবং এতে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। তা ছাড়া ট্রানজিট মাশুল নিজেদের মধ্যে আলোচনা করে চূড়ান্ত হয়নি। ঠিক হয়নি অবকাঠামো উন্নয়নের বিষয়টি। এমন অবস্থায় এ ধরনের প্রটোকল সই না করার পক্ষে মত দেয় এসব মন্ত্রণালয় ও বিভাগ। তবে শুরু থেকেই এ প্রটোকল সইয়ে অতিরিক্ত আগ্রহ দেখায় নৌপরিবহণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুক্তি হচ্ছে, দুই সমুদ্র বন্দরের যেটুক সক্ষমতা রয়েছে, তা অভ্যন্তরীণভাবে পুরোপুরি ব্যবহার হচ্ছে না। কাজেই ভারতকে দুই বন্দর ব্যবহার করতে দিতে হবে। এতে আয় হবে। অবশ্য নৌ মন্ত্রণালয়ের এ যুক্তি শেষ পর্যন্ত টেকেনি। কোর কমিটিতে প্রতিনিধিত্বকারী সুশীল সমাজের প্রতিনিধিরাও এ প্রটোকলটি হুট করে সই না করার পক্ষে মত দেয়।সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের শীর্ষ পর্যায়ের ইঙ্গিতে ডিসেম্বরে ভারতের দেওয়া ওই প্রটোকল সইয়ে অতিরিক্ত আগ্রহ দেখায় নৌপরিবহণ মন্ত্রণালয়। তবে প্রস্তাবিত প্রটোকলটিতে যে সমস্যা রয়েছে সেটি সম্প্রতি ঢাকা সফরের সময় স্বীকার করে গেছেন শিব শংকর মেনন। পাশাপাশি তিনি চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সিদ্ধান্ত বাস্তবায়নে তাঁর দেশের আগ্রহের কথা সরকারের শীর্ষ নেতৃত্বকে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে গত মাসে নতুন প্রটোকলের খসড়া পাঠায় ভারত। সফর ঘিরে তোড়জোড়: মনমোহনের সফরে একটি ট্রানজিট চুক্তি সইয়ের ব্যাপারে ভারত তার আগ্রহের কথা বার বার উল্লেখ করেছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের মাধ্যমে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পরিবহণের বিষয়ে ‘ভারত ও বাংলাদেশের মধ্যে প্রটোকল’ শীর্ষক খসড়া প্রস্তাবটি ভারত ঈদের ছুটির আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। খসড়াটির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো মৌখিকভাবে অবহিত হলেও সবগুলো মন্ত্রণালয় এর কপি হাতে পায়নি।সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, গত ডিসেম্বরে এ বিষয়ে ভারতের দেওয়া খসড়া প্রস্তাব অনুযায়ী প্রটোকল সইয়ে বাংলাদেশ এ মুহূর্তে আগ্রহী নয়—এমনটা আঁচ করতে পেরে নতুন খসড়া প্রস্তাবটি পাঠায় ভারত। ভারতের দেওয়া ছয়টি ধারা সংবলিত খসড়া প্রটোকল অনুযায়ী, নৌ, রেল ও সড়কপথের পাশাপাশি বহুমাত্রিক পদ্ধতিতে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পরিবহন করা হবে। খসড়ার দ্বিতীয় ধারায় নৌ প্রটোকলের উল্লেখ করে বলা হয়েছে, নৌপথে পণ্য পরিবহণ হবে ওই প্রটোকলের আওতায়। তবে প্রটোকলে চট্টগ্রাম থেকে আগরতলা, চট্টগ্রাম থেকে ডাউকি ও চট্টগ্রাম থেকে সুতারকান্দি নতুন রুট হিসেবে যুক্ত হবে। রেলপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে ও ভারতীয় রেলওয়ের মধ্যে বিদ্যমান ‘মৌলিক ও ভর্তুকি নিয়ম’ অনুসরণ করা হবে। আর সড়কপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে সীমান্ত পর্যন্ত বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী হবে। ট্রানজিট মাশুলের ক্ষেত্রে চুক্তির চতুর্থ ধারায় বলা হয়েছে, সব ধরনের পণ্য শুল্ক ও অন্যান্য সারচার্জ থেকে মুক্ত থাকবে। তবে পণ্য পরিবহনের জন্য ও অন্যান্য সেবার জন্য মাশুল নেওয়া যাবে।প্রয়োজনীয় সংশোধনী এনে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে প্রস্তাবিত প্রটোকলটি বাস্তবায়ন করতে হবে।