রূপসী প্যারা শুমচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে সারা দিন বাঘের নাগালের মধ্যে কাদামাটিতে হেঁটে যে সুন্দর পাখিটির জীবন কাটে এর বাংলা নাম প্যারা শুমচা। ইংরেজি নাম ম্যানগ্রোভ পিটা। খুদে প্রাণী শিকার করে বাঘের তেমন পোষায় না বলেই এই ছোট্ট গোলগাল পাখিটি বনতলে নির্বিঘ্নে এর প্রাত্যহিক কাজ সারতে পারে। তবে, বনের দ্বিতীয় সারির শিকারি বিড়াল ও সরীসৃপকে সম্ভবত সে বাঘের চেয়ে বেশি ভয় করে; কারণ, এরাই এর ডিম ও ছানার বড় শত্রু। বাসা বাঁধার জন্য তাই সে বেছে নেয় কাঁটাঘেরা হেঁতালের মাথা অথবা উঁচু ধুন্দল-শাখার শেষ প্রান্ত। পৃথিবীর অন্যত্র, অপেক্ষাকৃত নিরাপদ বনে প্যারা শুমচা মাঝে মাঝে মাটিতে বাসা বাঁধে, কিন্তু সুন্দরবনে কখনো নয়।বাংলাদেশে একমাত্র সুন্দরবনেই প্যারা শুমচা বাস করে। তবে, এর দেখা মেলে বহু সাধনায়। সবার দৃষ্টি এড়িয়ে শ্বাসমূল-ভরা বনের মাটিতে হেঁটে বেড়ানোর দক্ষতা এর বাঘের চেয়ে কম নয়। বাঘের মতোই সে নিভৃতচারী, কিন্তু নীরব নয়; লুকিয়ে চললেও মুখে কুলুপ এঁটে রাখাটা এর স্বভাববিরুদ্ধ। বনের সর্বত্র তাই সারা দিন এর ভুতুড়ে কণ্ঠের ডাক শোনা যায়, হুহুয়া-হুয়া.. হুহুয়া-হুয়া..। তবে, জন্মসূত্রে সে একজন ভালো মায়াকণ্ঠী (ভেন্ট্রিলোকুইস্ট), কোন দিক থেকে এর ডাক আসছে তা খুঁজে বের করা এক দুঃসাধ্য কাজ। বছরের পর বছর সুন্দরবনে ঘুরে আমরা হাজারবার প্যারা শুমচার ডাক শুনেছি, কিন্তু দেখা পাইনি। বহু বছর অপেক্ষার পর ২০০১ সালে সুন্দরবনবিদ খসরু চৌধুরী পাখিটির প্রথম ছবি উপহার দেন আমাদের। উজ্জ্বল লাল, নীল, সবুজ আর খয়েরি পালকের নয়নকাড়া এ পাখির ছবি পেলে যেকোনো প্রকৃতি-আলোকচিত্রীর প্রতীক্ষা সার্থক।নানা রঙে রঙিন বলেই শুমচার আরেক নাম নওরং। তেলেগু ভাষায় শুমচার নাম ‘পিটা’, যার অর্থ ‘আদুরে’। এখন পিটা নামেই সে সারা বিশ্বে পরিচিত, কারণ এটাই এর ইংরেজি এবং বৈজ্ঞানিক নাম। শুমচা পরিবারে পৃথিবীতে ৩১ এবং বাংলাদেশে পাঁচ জাতের পাখি আছে। তিন জাতের শুমচা এ দেশের পরিযায়ী পাখি; বর্ষায় এখানে বাসা বেঁধে ডিম পাড়ে কিন্তু শুকনো মৌসুমে সবাই দেশত্যাগ করে দক্ষিণে উড়ে যায়। মাত্র দুই জাতের শুমচা এ দেশে স্থায়ী বসবাস করে, আমাদের পাহাড়ি-বনের নীলঘাড় শুমচা ও সুন্দরবনের প্যারা শুমচা।বাংলাদেশ থেকে দক্ষিণ-পুবে সুমাত্রা পর্যন্ত মাত্র চার হাজার কিলোমিটার লম্বা এক চিলতে উপকূলীয় প্যারাবনেই পৃথিবীর সব প্যারা শুমচার বাস এবং সুন্দরবনই এর বৃহত্তম আবাস। পাখিটি বিশ্বে ‘প্রায়-বিপদগ্রস্ত’ আখ্যায়িত হয়েছে এবং এর সীমিত বাসভূমির কোনো ক্ষতি হলে অচিরে বিপন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।সুন্দরবনের বাঘের মতোই প্যারা শুমচারা ‘টেরিটোরিয়াল’ প্রাণী। নিয়মিত টহল দিয়ে, হাঁকডাক করে প্রত্যেকে নিজের বিচরণভূমি দখলে রাখে। ভাটার পানি সরে গেলে যে যার নিজের জমিতে নেমে কাঁকড়া ও পোকামাকড় শিকার করে। সুন্দরবনে এমন শত শত শুমচা-টেরিটোরি আছে, প্রতিটিতে এক জোড়া পাখির বাস। জমি নিয়ে বিবাদ হলে ছেলেরা ডাকাডাকির দীর্ঘ প্রতিযোগিতায় নামে। ডাকের ডুয়েলে মীমাংসা না হলে ডানার নীল পালক দেখিয়ে এরা যুদ্ধ ঘোষণা করে এবং ধাওয়া-পাল্টাধাওয়ার মাধ্যমে লড়াইয়ের হারজিত নির্ধারিত হয়।প্যারা শুমচাকে আমরা সুন্দরবনের বৈচিত্র্য আর রহস্যময়তার প্রতীক হিসেবে দেখি। সুন্দরবনে এর সংখ্যা কত তা কারও জানা নেই; তবে বৈশ্বিক প্রায়-বিপন্ন এ পাখির সবচেয়ে বড় অংশ এখানেই রয়েছে বলে অনেকেই অনুমান করে। অনন্যসাধারণ এ পাখি সংরক্ষণে বন বিভাগের বিশেষ উদ্যোগ থাকা উচিত বলে আমরা মনে করি।