সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন) শাখা থেকে হল-মার্ক বিষয়ে গুরুত্বপূর্ণ নথি পায়নি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দল। গতকাল মঙ্গলবার দলটি রূপসী বাংলা শাখায় তল্লাশি চালায়। এ সময় কিছু নথি তারা জব্দ করেছে। তবে এর মধ্যে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ নথি ছিল না। দুদক সূত্র জানায়, গতকাল তদন্ত কমিটির প্রধান ও জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীনের নেতৃত্বে বেলা সাড়ে ১১টায় রূপসী বাংলা শাখায় হল-মার্কের নথি জব্দের অভিযান শুরুর নামে তদন্ত দল রাত আটটা পর্যন্ত তল্লাশি চালায়।দুদক সূত্র জানায়, তারা ধারণা করছে, ব্যাংকের ওই শাখার সাবেক কর্মকর্তাদের কেউ নথিগুলো সরিয়ে ফেলেছেন। এর ফলে অনেক গুরুত্বপূর্ণ তথ্যই জানতে পারছে না সংস্থাটি।গত ৪ অক্টোবর হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম, মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদ ও রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) এ কে এম আজিজুর রহমানকে আসামি করে ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করে দুদক। এরই অংশ হিসেবে তদন্ত করছে দুদক।মামলার এজাহার অনুযায়ী, রূপসী বাংলা হোটেল শাখা থেকে হল-মার্ক মোট দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করেছে।