রূপসী বাংলা শাখার ব্যবস্থাপক আজিজ ২৪ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারির অন্যতম হোতা সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আজিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ২৪ দিনের রিমান্ডে (হেফাজতে) নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম আনোয়ার সাদাৎ তিন মামলায় (প্রতিটিতে আট দিন করে) ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।হলমার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারির সময় আজিজুর রহমান সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার ব্যবস্থাপক ছিলেন। তাঁকে গতকাল আদালতে হাজির করার পর তাঁর আইনজীবী এহসানুল হক সমাজি রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন আদালতকে বলেন, আসামি আজিজুর রহমান হলমার্ক কেলেঙ্কারির মূল হোতা। তিনি অবৈধভাবে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ দিয়েছেন। তিনি কার কার সহযোগিতায় এ বিপুল অর্থঋণ দিয়েছেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এর আগে গত রোববার রাতে আজিজুর রহমানকে র‌্যাব গ্রেপ্তার করে। তাঁকে আদালতে হাজির করার আগে গতকাল দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুদকে নেওয়া হয়।গত ৪ সেপ্টেম্বর এই অর্থ আত্মসাতের ঘটনায় হলমার্কের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক এবং সোনালী ব্যাংকের কর্মকর্তা আজিজুর রহমানসহ মোট ২৭ জনকে অভিযুক্ত করে রমনা থানায় ১১টি মামলা করে দুদক। প্রসঙ্গত, সোনালী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তাদের যোগসাজশে হলমার্ক গ্রুপসহ ছয়টি প্রতিষ্ঠান প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাৎ করে। এর মধ্যে হলমার্ক একাই সরিয়ে নিয়েছে দুই হাজার ৬৮৬ কোটি টাকা।প্যারাগন ও গ্রিন প্রিন্টার্সের কর্মীদের জিজ্ঞাসাবাদ: সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হলমার্কের মতো একই উপায়ে ১৪৬ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্যারাগন নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল হাসান রাজা, পরিচালক এস এম মনিরুজ্জামান ও আবদুল্লাহ আল মামুনকে গতকাল জিজ্ঞাসাবাদ করেছে দুদক।এ ছাড়া সোনালী ব্যাংকের আগারগাঁও শাখা থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ১৪১ কোটি টাকা তুলে নিয়ে আত্মসাতের ঘটনায় গ্রিন প্রিন্টার্সের কর্মচারী আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ প্রতিষ্ঠানের মালিক গৌতম মিত্র প্রতিষ্ঠানের কর্মচারী আবুল হোসেনের নামে প্যাডসর্বস্ব প্রতিষ্ঠান তৈরি করে ব্যাংক থেকে ১৪১ কোটি টাকা তুলে নেন। এ ঘটনায় এর আগে সোনালী ব্যাংকের ওই শাখার কর্মকর্তাসহ আটজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।