রূপসী বাংলার সাবেক ব্যবস্থাপক আজিজুর রহমান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্ক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সোনালী ব্যাংকের হোটেল রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত হওয়া উপমহাব্যবস্থাপক) এ কে এম আজিজুর রহমানকে আটক করেছে র‌্যাব।আজ রোববার রাতে রাজধানীর রমনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-৩-এর একটি দল। ৪ অক্টোবর হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তাঁর স্ত্রী ওই গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ২৭ জনের বিরুদ্ধে এক হাজার ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১১টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই ১১ মামলারই চার নম্বর আসামি সোনালী ব্যাংকের বরখাস্ত হওয়া এই উপমহাব্যবস্থাপক (ডিজিএম)। ওই মামলার প্রধান আসামি হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও মহাব্যবস্থাপক তুষার আহমেদকে গত ৭ অক্টোবর মিরপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এ নিয়ে ২৭ আসামির মধ্যে তিনজন ধরা পড়লেন।এদিকে তানভীর ও তুষারকে তিনটি মামলায় ২৪ দিনের হেফাজতে (রিমান্ডে) নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দুদক। তানভীরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে একটি এবং র‌্যাবের অভিযানের সময় হামলার অভিযোগে আরেকটি মামলা করেছে র‌্যাব। অবৈধ অস্ত্র রাখার মামলায় তানভীরকে পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। দুদকের জিজ্ঞাসাবাদ শেষ হলে এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।