রূপালী ব্যাংকে ১০৩২ নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম বড় তফসিলি ব্যাংক রূপালী ব্যাংক লিমিটেডে পেশা গড়ার সুযোগ এসেছে। যাঁরা ব্যাংকার হতে চান, তাঁরা রূপালী ব্যাংকে চাকরির জন্য আবেদন করতে পারেন। ৯৩ দশমিক ২৩ শতাংশ সরকারি এবং ছয় দশমিক ৭৭ শতাংশ বেসরকারি মালিকানায় পরিচালিত এ ব্যাংক হতে পারে আপনার কাজের ক্ষেত্র। সম্প্রতি রূপালী ব্যাংকে নিয়োগ-প্রক্রিয়া শুরু হয়েছে। রূপালী ব্যাংক লিমিটেড জ্যেষ্ঠ কর্মকর্তা (সিনিয়র অফিসার) ও কর্মকর্তা (অফিসার) পদে মোট এক হাজার ৩২ জন লোক নিয়োগ দেবে। এ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে ব্যাংকের পরিচালনা পর্ষদ। আবেদন করা যাবে ২৮ এপ্রিল পর্যন্ত। যত দ্রুত সম্ভব আবেদন-প্রক্রিয়া শুরু করতে হবে। সঙ্গে চালিয়ে যেতে হবে প্রস্তুতিও। একটি বেসরকারি ব্যাংকে কর্মরত সঞ্জয় কুমার সাহা বলেন, ‘যেকোনো ব্যাংকে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে বেশ কিছু কাজ আছে, যা সময় নিয়ে ভেবেচিন্তে করতে হয়। একইসঙ্গে প্রার্থীর উচিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া। যেহেতু ব্যাংকিং খাতে প্রতিযোগিতা অনেক, তাই প্রস্তুতিও ভালো হতে হবে। রূপালী ব্যাংকের বিস্তৃতি: রূপালী ব্যাংকের মোট শাখা আছে ৪৯২টি। এর কেন্দ্রীয় কার্যালয় ঢাকায় অবস্থিত। কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা এখন চার হাজার ২৯৩ জন। আবেদনকারীর যোগ্যতা: জ্যেষ্ঠ কর্মকর্তা পদের ক্ষেত্রে প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা চার বছরের স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করতে হবে। বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কমপক্ষে দুইটি প্রথম বিভাগ/শ্রেণী/সমমানের গ্রেড পয়েন্ট থাকতে হবে। কর্মকর্তা পদের প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে কমপক্ষে একটি প্রথম বিভাগ বা শ্রেণী বা সমমানের গ্রেড পয়েন্ট থাকতে হবে। প্রার্থীর বয়স ২১ মার্চ, ২০১০ পর্যন্ত অনূর্ধ্ব ৩০ বছর আর মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে ৩২ বছর হতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। কর্মকর্তা পদে নিয়োগ পেলে প্রার্থীকে ‘ক্যাশ’ বিভাগেও কাজ করতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে। একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে কোটা-সংক্রান্ত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। পত্রপত্রিকায় প্রকাশিত রূপালী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানা যাবে।আবেদনপত্র সংগ্রহ ও জমা: এসব পদের বিপরীতে আবেদনে আগ্রহী প্রার্থীর রূপালী ব্যাংকের যেকোনো শাখা থেকে রূপালী ব্যাংক লিমিটেড, মতিঝিল করপোরেট শাখা, ঢাকার অনুকূলে ৩৫০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার কিনে সেটির ফটোকপি নিজের কাছে রেখে মূলকপি রূপালী ব্যাংক লিমিটেডের যেকোনো আঞ্চলিক শাখায় জমা দিতে হবে।সেখান থেকে আবেদনপত্র জমার নিয়ম-কানুন ও সিআইএফসহ প্রয়োজনীয় সব কাগজ সংগ্রহ করতে পারবেন। সিআইএফে পে-অর্ডার/ডিডির নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে এবং এ কারণে ফটোকপিটি সংরক্ষণ জরুরি। আবেদনপত্র জমার নিয়মাবলি ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য আগ্রহী প্রার্থীদের রূপালী ব্যাংক লিমিটেডের যেকোনো আঞ্চলিক শাখায় যোগাযোগ করতে পারবেন। পদ ও বেতনভাতা: সিনিয়র অফিসার ও অফিসার পদে মোট এক হাজার ৩২ জন লোক নিয়োগ করা হবে। এই পদ দুইটির বেতন স্কেল যথাক্রমে ১১০০০-৪৯০x৭-১৪৪৩০-ইবি-৫৪০x১১-২০৩৭০ টাকা এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা এবং ৮০০০-৪৬০x৭-১১২৫০-ইবি-৪৯০x১১-১৬৫৪০ টাকা। এছাড়াও অন্যান্য সুবিধা পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার প্রস্তুতি: রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক এস এম শফিউল্লাহ বলেন, এসব পদের জন্য লিখিত পরীক্ষা অন্যান্য ব্যাংকের নিয়োগ পরীক্ষার মতোই হবে। আর বিভিন্ন ব্যাংকের পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, প্রায় সব পরীক্ষায়ই প্রশ্নপত্র পার্ট-১ এবং পার্ট-২ এ দুটি অংশে ভাগ করা থাকে। পার্ট-১ অংশে নৈর্বক্তিক (এমসিকিউ) এবং পার্ট-২ অংশে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে বলা হয়। পার্ট-১ (নৈর্ব্যক্তিক): নিয়োগ পরীক্ষার পার্ট-১-এ মধ্যে থাকবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, ব্যাংকিং ও অর্থনীতি, গণিত, বিজ্ঞান-প্রযুক্তি।পার্ট-২ (বর্ণনামূলক): বর্ণনামূলক বিষয়ে যেসব বিষয় থাকে—সাম্প্রতিক বিষয়ে একটি রচনা, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ইত্যাদি। এ সবকিছু লিখতে হবে ইংরেজি মাধ্যমে। আর বাংলায় সাম্প্রতিক বিষয়ের ওপর একটি রচনা লিখতে হবে। গণিত অংশে গণিত, গড়, অনুপাত, শতকরা, লাভ-ক্ষতি ইত্যাদি বিষয়ে তিনটি থেকে পাঁচটি জটিল সমস্যা থাকতে পারে। ইংরেজি বিষয়ে ভালো করার জন্য প্রচুর ইংরেজি পত্রিকা, ব্যাকরণ ও রচনা পড়তে হবে। গণিতে ভালো করতে হলে নিয়মিত চর্চা করতে হবে গণিতের। আর বাংলা রচনার জন্য আপনাকে প্রতিদিন সংবাদপত্র পড়তে হবে। আর বিভিন্ন ব্যাংকে নিয়োগের জন্য বাজারে অনেক নিয়োগ প্রস্তুতির বই পাওয়া যায়। ভালো মানের যেকোনো বই অনুসরণ করতে পারেন।