রূপালী ব্যাংকের অর্থ আত্মসাৎ, পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপালী ব্যাংকের ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির তিন কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মতিঝিল থানায় এ মামলা (মামলা নম্বর-২৩) করেন।আসামিরা হলেন: রূপালী ব্যাংকের দিলকুশা স্থানীয় শাখার বর্তমান মহাব্যবস্থাপক এস এম আতিকুর রহমান, একই শাখার জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার মো. আবদুস সামাদ সরকার, ব্যাংকের গুলশান শাখার বর্তমান উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আলী, এভারেস্ট অ্যান্ড টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান আবু বোরহান সিদ্দিক চৌধুরী এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম বাহাউদ্দিন।অভিযোগে বলা হয়, ২০১০ সালের ১৬ আগস্ট থেকে ২০১১ সালের ৩০ জানুয়ারি সময়ের মধ্যে এই অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। এ সময় এস এম আতিকুর রহমান রূপালী ব্যাংকের দিলকুশা স্থানীয় শাখার উপমহাব্যবস্থাপক এবং মোহাম্মদ আলী একই শাখার সহকারী মহাব্যবস্থাপক ছিলেন।অভিযোগে বলা হয়েছে, ওই সময়ে এভারেস্ট অ্যান্ড টেকনোলজি লিমিটেড রূপালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় ২৫ কোটি টাকা ঋণ চেয়েছিল। ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই ঋণের বিপরীতে কোনো পরিদর্শন ছাড়া ও বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে এভারেস্টকে ১৫ কোটি টাকা ঋণ দেন।মামলায় অভিযোগ করা হয়েছে, পরস্পর যোগসাজশে, বিশ্বাস ভঙ্গ করে, ক্ষমতার অপব্যবহার করে, বিক্রীত জমি ও ফ্ল্যাট অবিক্রীত হিসেবে দেখিয়ে ওই ১৫ কোটি টাকা ঋণ অনুমোদন দেন রূপালী ব্যাংকের ওই কর্মকর্তারা।