রূপালী ব্যাংকের তিন কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংকের তিন কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম গতকাল রোববার রাজধানীর মতিঝিল থানায় এই মামলা করেন।এদিকে হলমার্ক কেলেঙ্কারির বিষয়ে গতকাল সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।রূপালী ব্যাংকের ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে যে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁরা হলেন: ব্যাংকের দিলকুশার স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এস এম আতিকুর রহমান ও জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার মো. আবদুস সামাদ সরকার, ব্যাংকের গুলশান শাখার উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী এবং ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান এভারেস্ট হোল্ডিংস অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান আবু বোরহান সিদ্দিক চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম বাহাউদ্দিন।মামলার এজাহারে বলা হয়, ২০১০ সালের ১৬ আগস্ট থেকে গত বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে এই ১৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়। এ সময় আতিকুর রহমান ব্যাংকটির দিলকুশা স্থানীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও মোহাম্মদ আলী সহকারী মহাব্যবস্থাপক ছিলেন। তখন এভারেস্ট হোল্ডিংস ওই শাখায় ২৫ কোটি টাকা ঋণ চায়। ওই কর্মকর্তারা ঋণের বিপরীতে কোনো ধরনের পরিদর্শন ছাড়া এবং বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে পরস্পরের যোগসাজশে প্রতিষ্ঠানটিকে ১৫ কোটি টাকা ঋণের অনুমোদন করান এবং তা বিতরণ করেন।এজাহারে আরও বলা হয়, ওই তিন কর্মকর্তা পরস্পর যোগসাজশে বিশ্বাস ভঙ্গ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিক্রীত জমি ও শতাধিক ফ্ল্যাটকে অবিক্রীত দেখিয়ে ওই ঋণ দেন।রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমদ আল কবির বলেন, বিষয়টি নিয়ে ব্যাংকের পক্ষ থেকে কয়েক মাস ধরে ব্যাপক তদন্ত করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে। এ বিষয়ে ১৩ আগস্ট চতুর্থ অর্থঋণ আদালতে ব্যাংক বাদী হয়ে দোষীদের বিরুদ্ধে মানি সুট (অর্থ আদায়) মামলা করেছে। এটি বিচারাধীন।সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ: হলমার্কের ঋণ কেলেঙ্কারির বিষয়ে গতকাল দুদক কার্যালয়ে সোনালী ব্যাংকের ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্স ডিভিশনের ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। তাঁরা হলেন: মহাব্যবস্থাপক নওশের আলী, মো. মাহবুবুল হক, আ ন ম মাসরুরুল হুদা সিরাজী এবং উপ-মহাব্যবস্থাপক মো. মুছা, শেখ আলতাফ হোসেন ও মো. সফিউদ্দিন আহমেদ। দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত দল সকাল ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তাঁদের পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করে।হলমার্কসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের নামে সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক ঢাকা শেরাটন হোটেল) শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে হলমার্কই নিয়েছে দুই হাজার কোটি টাকার বেশি। অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে: প্যারাগন নিট কোম্পানি, খানজাহান আলী সোয়েটার্স লিমিটেড, ডি অ্যান্ড স্পোর্টস লিমিটেড, টি অ্যান্ড ব্রাদার্স লিমিটেড ও নকশী নিট লিমিটেড।জিজ্ঞাসাবাদ শেষে মাসরুরুল হুদা সিরাজী সাংবাদিকদের কাছে দাবি করেন, চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নিয়ে তিনি হলমার্কের ঋণের বিষয়ে ছোট একটি বিভাগীয় নিরীক্ষা শুরু করেন। তাতেই তাঁর ওপর বিভিন্ন মহল থেকে চাপ আসতে শুরু করে। কে বা কারা চাপ দিয়েছেন—এই প্রশ্নে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান।সিরাজীর বরাত দিয়ে দুদকের অনুসন্ধান ও তদন্ত বিভাগের সূত্র জানায়, বিভাগীয় নিরীক্ষার পরপর প্রভাবশালী ব্যক্তি ও সরকারি চাপের মুখে সিরাজীকে এ পর্যন্ত কুমিল্লা, সিলেট ও রংপুরে বদলি করা হয়। বর্তমানে তিনি সোনালী ব্যাংকের রংপুর শাখায় কর্মরত। জিজ্ঞাসাবাদে সিরাজী দাবি করেন, ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাঁকে বদলি করেন। উল্লেখ্য, ওই সময় ব্যাংকটির এমডি ছিলেন হুমায়ুন কবীর।অপর কর্মকর্তা মাহবুবুল হক হলমার্ক কেলেঙ্কারিতে তাঁর সংশ্লিষ্টতা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘এটা যে সময়ের ঘটনা, তখন আমি অবসর প্রস্তুতিকালীন ছুটিতে ছিলাম। যেসব তথ্য জানতে দুদক আমাকে ডেকেছে, তা আমি নিজেও জানি না। আমি তানভীরকেও (হলমার্কের এমডি তানভীর মাহমুদ) কোনো দিন দেখিনি।’