রূপের বাহার, চুলের ফ্যাশন
ঘড়িতে সবে বেলা ১১টা। ধানমন্ডি ২৭ নম্বর সড়কে পারসোনা বিউটি পার্লারের দ্বিতীয় তলায় পা রাখার জায়গা মেলা ভার। এখানে অপেক্ষায় আছেন চামেলীবাগের জিনাত আরা হোসেন। কর্মজীবী এই নারীর সঙ্গে আছেন তাঁর মেডিকেলে পড়ুয়া মেয়ে। মেয়ে বসে গেছেন ফেসিয়াল করাতে, এরপর মায়ের পালা। জিনাত বলেন, সারা বছর যা-ই হোক, ঈদে নতুন পোশাকআশাকের সঙ্গে মানানসই সাজও করতে হয়।ঈদকে ঘিরে বিপণিবিতানে দেদার বিক্রি হচ্ছে জামা-জুতা, অলংকার আর পার্স। এসব কেনা হচ্ছে একটির সঙ্গে আরেকটির রং মিলিয়ে। তবে ঈদের সকালে চেহারাটা যদি মলিন হয়ে থাকে, তবে শখের পোশাকআশাক দিয়ে কী হবে? তাই ঈদের আগেই চুল আর ত্বকের বাহার বাড়িয়ে নিচ্ছেন রূপসচেতনেরা। মাথার চুল থেকে পায়ের নখ—সবকিছুর সজ্জায় রূপের ডালা নিয়ে বসে আছে নগরের বিউটি পার্লারগুলো।এক ফেসিয়ালই করা যায় অনেকভাবে। এ প্রসঙ্গে পারসোনার স্বত্বাধিকারী রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান বলেন, ‘আমরা ত্বকের ধরন বুঝে ফেসিয়াল করে থাকি। তবে হারবাল বা ভেষজ উপাদানের ফেসিয়ালটা চলে খুব বেশি। আর রোদে পোড়া ভাবটা দূর করতে অরেঞ্জ ফেসিয়ালের বিকল্প নেই। অন্যদিকে যাদের ব্রণের বিড়ম্বনা রয়েছে, তাঁরা অনায়াসে বেছে নিতে পারেন ডিপ ক্লিন ফেসিয়াল। এ ছাড়া রয়েছে এলোভেরা, ভেজিটেবল পিল, থার্মোহাপ ফেসিয়াল।’সারা বছরের কর্মব্যস্ততায় মলিন ও রোদে পোড়া ত্বক ঈদের আগে উজ্জ্বল করে নিচ্ছেন অনেকে। এ প্রসঙ্গে ফারজানা শাকিল মেকওভার সেলুনের স্বত্বাধিকারী রূপ বিশেষজ্ঞ ফারজানা শাকিল বলেন, এবারের ঈদে উজ্জ্বলতা বাড়ানোর জন্য আছে সিলভার ডাস পলিশ, গোল্ডেন ডাস পলিশ ও একমি পিউরিফাইয়ের মতো ফেসিয়াল। আর রোদে পোড়া ভাব দূর করতে রয়েছে অ্যান্টি ডায়িং স্কিন পলিশ ফেসিয়াল।এদিকে চুল কাটার ক্ষেত্রে সবার নজর হালের হেয়ার স্টাইলের দিকে। সঙ্গে দেখা হচ্ছে চুলের কেতাটা চেহারার সঙ্গে মানানোর বিষয়টিও। এ বিষয়ে ফারজানা শাকিলের পরামর্শ, ঈদের সাত থেকে তিন দিন বাকি থাকতে চুল কাটানো উচিত। কেননা, চুল চেহারার সঙ্গে খাপ খেতে কিছুটা সময় লাগে।মেয়েদের চুলের ফ্যাশনে লম্বা চুলের জন্য রয়েছে ‘ভলিউম লেয়ার’, ‘লং স্টেপ’ ও ‘লেয়ার স্টেপ কাট’। আর ছোট চুলের জন্য ঈদের বিশেষ কাট হলো ‘গ্র্যাজুয়েটেড কাট’। কানের দুই পাশ দিয়ে এক গোছা করে চুল ঝুলিয়ে দেওয়ার এই কাটটা এবার জম্পেশ চলছে তরুণীদের মধ্যে। তবে নতুন এই চুলের কাট দিয়েই ক্ষান্ত হননি কলেজপড়ুয়া অদিতি। ভরদুপুরে ফারজানা শাকিল মেকওভার সেলুনে ছুটে এসেছেন চুলে রং মাখতে। অদিতি বলেন, ‘কাল মায়ের সঙ্গে এসে চুল কেটে গেছি। একরঙা চুল ম্লান লাগছে, তাই আজ চুলে রং করতে আসা।’ লাল, বাদামি, ছাই, সবুজ, নীল, সোনালি কত রঙে যে চুল রাঙানো যায়!চুল তো বাহারি করা হলো, অনেকেই ভ্রু প্লাক করে নিচ্ছেন। ফারজানা শাকিল জানান, ঈদের কমপক্ষে তিন দিন আগে ভ্রু প্লাক করা উচিত। কারণ ভ্রু প্লাক করা অংশ অনেক সময় ফুলে যায়। পায়ের যত্নে ঈদের আট থেকে দুই দিনের মধ্যে পেডিকিউর করা দরকার। ঈদের আগে নানা ঝক্কিতে ক্লান্ত, অবসন্ন হয়ে যেতে পারে দেহ-মন। সেই অবসাদ কাটাতে আর সৌন্দর্য বাড়াতে ‘স্পা’র জুড়ি মেলা ভার।আজকাল নগরের পুরুষেরাও ফ্যাশনে কম যান না। এর প্রমাণ পাওয়া গেল পারসোনা অ্যাডামসে গিয়ে। চুলের কাট দিতে এসে ফেসিয়াল করাতে বসে পড়েছেন ইকবাল আহম্মেদ। তিনি বলেন, ‘ঈদ তো আর প্রতি মাসে আসে না। ঈদের দিন একটু টিপটপ থাকার চেষ্টা আর কি।’ পারসোনা অ্যাডামসের বিউটিশিয়ান জামান রানা জানান, এবারের ঈদে ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি চলছে চুলের লেয়ার আর স্পাইক কাট।এদিকে ধানমন্ডির ২৭ নম্বর সড়কের বিউটি পার্লার আলভিরাসেও আছে ছেলেদের সাজসজ্জার নানা আয়োজন। পার্ল, গোল্ড, হোয়েটিংসহ চুলের বিশেষ ধরনের কাটের পাশাপাশি রয়েছে আলভিরাস স্পেশাল ফেসিয়াল। এ ছাড়া বিভিন্ন স্টাইলে দাড়ি ও গোঁফ ছাঁটার সুযোগ আছে এখানে। ঈদের বিশেষ সাজের আয়োজনে বাদ যাচ্ছে না ছোট্টমণিরাও। পারসোনা, আলভিরাসসহ বেশ কিছু পার্লারে শিশুদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। এখানেই কার্টুন দেখতে দেখতে খেলনা মোটরবাইকে চড়ে চুল কাটাচ্ছে ছোট্ট প্রজ্ঞা।ঈদে ছোটবড় সবার হাত মেহেদি রাঙানো চাই। এ জন্য কোণ মেহেদি যেমন কেনা হচ্ছে, সংগ্রহ করা হচ্ছে গাছের মেহেদি পাতা। আবার আজকাল মেহেদির নকশায় ভিন্নতা আনতে অনেকেই ছুটছেন পার্লারে। ঈদসজ্জার মেহেদি লাগানোর এই ঐতিহ্য ম্লান করতে পারেনি আর কোনো সজ্জা, স্বীকার করলেন সবাই।