রেওয়াজি চাঁদাবাজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর মহান বিজয় দিবস পালনের জন্য জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদকে বিশাল অঙ্কের চাঁদা আদায় করতে হয়। দিবসটি পালনে সরকারি বরাদ্দ কম হওয়ায় এলাকার ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে উপজেলা পরিষদ এই চাঁদা নেয়। রাষ্ট্রীয়ভাবে পালিত এ অনুষ্ঠানে ব্যক্তি ও প্রতিষ্ঠানের চাঁদা দিতে অনেকেই বিব্রত বোধ করে। ১ ডিসেম্বর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিজয় দিবস পালনের প্রস্তুতি সভায় বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন উপস্থিত সদস্যরা।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এ এম রফিকুন্নবী উপস্থিত সদস্যদের জানান, গত বছর এই অনুষ্ঠান পালনে সরকারি বরাদ্দ ছিল মাত্র তিন হাজার টাকা। অথচ অনুষ্ঠানে ব্যয় হয়েছে লক্ষাধিক টাকা। অতিরিক্ত টাকা এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে। তিনি বলেন, অনুষ্ঠানের কথা বিবেচনা করে অনিচ্ছা সত্ত্বেও আমাদের এই কাজ করতে হয়। এটি রেওয়াজে পরিণত হয়েছে।জানা গেছে, দিবসটি পালনে উপজেলা পরিষদ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ পর্যন্ত অনুষ্ঠিত বিজয় দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান উপজেলা সদরের মজিবর রহমান (এমআর) ডিগ্রি কলেজ মাঠেই অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও ওই দিন সেখানে বিভিন্ন অনুষ্ঠান পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর দিবসটি পালনে সরকারিভাবে মাত্র তিন হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। অথচ ৩৫০ জন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দিতে ব্যয় হয়েছে অর্ধ লক্ষাধিক টাকা। তাঁদের আপ্যায়নে উপজেলা পরিষদকে আলাদাভাবে ১৬ হাজার টাকা দিতে হয়েছে। এবারও একই কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা পরিষদ। এ অবস্থায় দিবসটি এলেই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি উপজেলা পরিষদের চাঁদার আতঙ্কে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি সংস্থার শাখা ব্যবস্থাপক জানান, অনুষ্ঠানটি পালনের জন্য তাঁরা সংস্থা থেকে কোনো বরাদ্দ পান না। ইউএনওর কার্যালয় থেকে নির্দিষ্ট অঙ্কের চাঁদা চাওয়া হয়। তখন ব্যক্তিগত তহবিল থেকে তা দিতে বাধ্য হন তাঁরা।উপজেলা সদরের প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, গত বছরের অনুষ্ঠানে উপজেলা পরিষদে তাঁকে মোটা অঙ্কের চাঁদা দিতে হয়েছে। এবারও তাঁকে চাঁদা দিতে বলা হয়েছে। সরকারি অনুষ্ঠানে চাঁদা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অনুমোদিত সার ডিলার। বিভিন্ন কারণে ইউএনও সাহেবের কাছে যেতে হয়। তাঁকে তো আর অখুশি করা যায় না।’উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন, বিজয় দিবস পালনে উপজেলা পরিষদের চাঁদা নেওয়ার বিষয়টি যেন রেওয়াজে পরিণত হয়েছে। অনেকে এই চাঁদা দিতে আগ্রহীও। তবে যুদ্ধাপরাধী ও বিতর্কিত ব্যক্তিদের কাছ থেকে যাতে এই চাঁদা না নেওয়া হয়, সেদিক খেয়াল রাখতে উপজেলা পরিষদকে পরামর্শ দেন তিনি।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নবিবুর রহমান বলেন, চাঁদার টাকায় মহান বিজয় দিবস পালনের কথা অনেক আগে থেকেই জানি। তবে এ ধরনের অনুষ্ঠানের ব্যয়ভার সহজেই উপজেলা পরিষদ নিতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, অনুষ্ঠানের ব্যয়ভার বহনের মতো অর্থ উপজেলা পরিষদের নেই। সরকারি বরাদ্দ না বাড়লে এভাবেই প্রতিবছর অনুষ্ঠান করতে হবে।