বিডিআর বিদ্রোহ মামলায় পিলখানার রেকর্ড উইংয়ের ১১১ জন জওয়ানের বিরুদ্ধে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন ও আসামিপক্ষের জেরা অনুষ্ঠিত হয়। আজ পাঁচজন সাক্ষী ২৬ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। পরে আসামিরা সাক্ষীদের জেরা করেন। আদালত আগামী ১২ ডিসেম্বর বিচারকাজ শুরুর আগ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।এই পাঁচ সাক্ষীর মধ্যে একজন সেনা কর্মকর্তা, দুই জওয়ান, বিডিআর হাসপাতালের একজন স্টাফ নার্স ও একজন জওয়ানের স্ত্রী রয়েছেন। এর মধ্য দিয়ে বিডিআর আদালতে প্রথম কোনো নারী সাক্ষ্য দিলেন।পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৯-এ সকাল সোয়া ১০টায় এ বিচারকাজ শুরু হয়ে দুপুর আড়াইটায় শেষ হয়। প্রসিকিউটর লে. কর্নেল মিজানুর রহমান জানান, এই মামলায় সাক্ষী আছেন ৪৬ জন। এর মধ্যে সাতজন জবানবন্দি দিয়েছেন। আদালতের পরবর্তী কার্যদিবসে সাক্ষীরা সাক্ষ্য দেবেন। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুল করিম। এর আগে গত সোমবার প্রথম দিনে দুজন সাক্ষী ছয়জন জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য দেন। এ মামলায় মোট সাক্ষী ৮৭ জন। ওইদিন প্রসিকিউটর লে. কর্নেল মিজানুর রহমান প্রথমে আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে অভিযোগ গঠনের আবেদন জানান। আদালত প্রত্যেক আসামিকে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। তাঁরা দোষী না নির্দোষ, তা প্রত্যেক আসামিকে পৃথকভাবে জিজ্ঞেস করেন আদালত। তবে আসামিদের কেউই দোষ স্বীকার করেননি।