বিডিআরে বিদ্রোহ পিলখানায় বিদ্রোহের মামলার প্রথম রায়
রেকর্ড উইংয়ের ১১১ জনের সবার দণ্ড
পিলখানায় বিডিআরে বিদ্রোহের ঘটনায় রেকর্ড উইংয়ের সদস্যদের বিরুদ্ধে করা মামলার ১১১ জন আসামির সবাইকে কারাদণ্ড ও জরিমানার আদেশ দেওয়া হয়েছে। দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৯-এর সভাপতি কর্নেল হাবিবুল করিম গতকাল মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। পিলখানায় বিদ্রোহের ঘটনায় করা মামলাগুলোর মধ্যে এই প্রথম একটির রায় হলো।২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি এই দরবার হলেই তৎকালীন বিডিআরে (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) বিদ্রোহের সূত্রপাত হয়েছিল। ওই বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।রায় ঘোষণার পর সংবাদ ব্রিফিংয়ে মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান ও বিশেষ পিপি মোশাররফ হোসেন বলেন, যে দরবার হলে বিদ্রোহের সূচনা হয়েছিল, আজ সেখানেই বিদ্রোহীদের বিচারের ঘটনা ইতিহাস তৈরি করল। এ রকম বিচারের নজির পৃথিবীতে নেই।সাজা: রায়ে বাহিনীর নিজস্ব আইনের সর্বোচ্চ সাজা সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ৪৩ জনকে। ১০ জনকে ছয় বছর ছয় মাস করে, নয়জনকে ছয় বছর, ১০ জনকে পাঁচ বছর ছয় মাস, চারজনকে পাঁচ বছর, একজনকে চার বছর ছয় মাস, পাঁচজনকে চার বছর, ১৬ জনকে তিন বছর ছয় মাস, ছয়জনকে তিন বছর এবং সাতজনকে দুই বছর ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি সব আসামিকে ১০০ টাকা করে জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় একজন আসামি অসুস্থ অবস্থায় স্ট্রেচারে ছিলেন। তাঁর সাড়ে চার বছর কারাদণ্ড হয়েছে। বেলা সোয়া ১১টা থেকে ৪৫ মিনিট পর্যন্ত নাম ধরে ধরে রায় পড়ে শোনান আদালতের সভাপতি।রায় ঘোষণা: আদালতের কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ১০টার পর। আর্দালির ঘোষণার পরপরই প্রথমে এজলাসে আসেন বিশেষ আদালত-৯-এর সভাপতি। এরপর আসেন বিজিবির কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. নাসিমুল আলম ও মেজর মো. আলী মুসতাঈন খান এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি মোস্তফা জামান ইসলাম। আদালতের সভাপতি সবাইকে সতর্ক করে বলেন, আদালতে শৃঙ্খলাবিরোধী কোনো কিছু করলে তার বিচার হবে বিজিবির নতুন আইনে। এ আদালত সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে বিচারকাজ করেছেন।সভাপতি বলেন, গত ৪ আগস্ট রেকর্ড উইংয়ের বিচার শুরু হয়েছিল। নায়েক সুবেদার সোলাইমান পাটোয়ারী আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলেন। ওই সময় মোট ৪১ জন আসামি গ্রেপ্তার অবস্থায় ছিলেন। পরে আরও ৭০ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালত মোট ১৬ কার্যদিবসে বিচার শেষ করেছেন। এ মামলায় মোট ৪৮ জন সাক্ষী এবং তিনজন সাফাই সাক্ষী ছিলেন। তিনি বলেন, আসামিরা সাফাই সাক্ষী আনতে ব্যর্থ হন। অনেক সাফাই সাক্ষী জওয়ানদের পক্ষে সাক্ষ্য দিতে অপরাগতা জানান। মামলার সব আসামিকে অভিযোগের অনুলিপি দিয়ে তাঁর পক্ষে সাক্ষ্য উপস্থাপনের জন্য বলা হয়েছিল।অপরাধ: আদালতের সভাপতি বলেন, আসামিদের বিরুদ্ধে যেসব অপরাধ প্রমাণিত হয়েছে সেগুলো হলো: মহাপরিচালকের আদেশ অমান্য করে দরবার হল ত্যাগ করা, নিজে বিদ্রোহে অংশগ্রহণ করা ও অন্যদের উৎসাহিত করা, অস্ত্র ও গোলাবারুদ লুট করা, মুখে ও শরীরে রঙিন কাপড় বেঁধে হাতে লাঠি ও লোহার রড নিয়ে বিদ্রোহে অংশ নেওয়া, বিদ্রোহের জন্য বল প্রয়োগ করা, মুঠোফোনের মাধ্যমে বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রাখা, বিদ্রোহের জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরা, গণমাধ্যমের সামনে সেনা কর্মকর্তাদের সম্পর্কে উসকানিমূলক ও বানোয়াট বক্তব্য প্রচার করা এবং বিদ্রোহীদেরে চাঙা করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা।বিবেচনা: হাবিবুল করিম বলেন, এ মামলায় অভিযুক্ত কেউ মুক্তিযোদ্ধা ছিলেন না। তবে ১০ জন মুক্তিযোদ্ধার সন্তান আছেন। এ মর্মে তাঁরা কাগজপত্র দাখিল করেছেন। এঁদের কেউ কেউ পার্বত্য চট্টগ্রামে শান্তি রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অনেকের শারীরিক সমস্যাও আছে। বিচারের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়। আসামির পারিপার্শ্বিক ও শারীরিক অবস্থা, প্রসিকিউটরের বক্তব্য, সাক্ষী এবং সাফাই সাক্ষীর বক্তব্য, কর্মজীবনের রেকর্ড ইত্যাদি বিষয় বিবেচনায় রেখে রায় ঘোষণা করা হয়েছে।পর্যবেক্ষণ: বিচারের ক্ষেত্রে কিছু পর্যবেক্ষণের কথা বলেন আদালতের সভাপতি। তিনি বলেন, এ মামলার কোনো আসামি দোষ স্বীকার করেননি। তাঁরা নিজেদের নির্দোষ প্রমাণের জন্য আদালত ও তদন্ত আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন এবং আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। অনেকে আদালতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। কেউ আদালত অবমাননাও করেছেন।ব্রিফিং: রায় ঘোষণার পর দরবার হলে সংবাদ ব্রিফিংয়ে প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান বলেন, সীমান্তরক্ষী বাহিনীর বিদ্রোহ এবং বিচার শুরুর সময় এর নাম ছিল বাংলাদেশ রাইফেলস বা বিডিআর। রক্তাক্ত বিদ্রোহের প্রেক্ষাপটে নতুন আইন হওয়ার পর সমপ্রতি নতুন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নাম নিয়েছে এ বাহিনী। তবে বিডিআরের সদস্য হিসেবেই সবার বিচার হচ্ছে। তিনি বলেন, রায় ঘোষণার পর থেকেই তা কার্যকর হয়ে যাবে। দোষী জওয়ানেরা বাহিনী থেকে আর সুবিধা পাবেন না। রেকর্ড উইংয়ের একজন অভিযুক্ত জওয়ান পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের পর বিচার করা হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন। ‘আমরা যাঁদের হারিয়েছি, তাঁদের আত্মা এ বিচারে শান্তি পাবে’—বলতে বলতে প্রসিকিউটর কেঁদে ফেলেন।প্রতিক্রিয়া: সকালে যেভাবে কড়া নিরাপত্তায় আসামিদের দরবার হলে আনা হয়, রায় ঘোষণার পর সেভাবেই তাঁদের আবার কারাগারে নেওয়া হয়। এ সময় আসামিদের সঙ্গে কাউকে কথা বলতে দেওয়া হয়নি। দু-একজনের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তাঁরাও কিছু বলেননি। কেউ কেউ বলেন, এটা হবে জানতাম।মোট বিচার: এ নিয়ে বিডিআরে বিদ্রোহের ঘটনায় ১৮টি মামলায় মোট ৭২১ জনের সাজা হলো। এসব মামলায় খালাস পেয়েছেন ১৯ জন। বিদ্রোহের ঘটনায় পিলখানাসহ সারা দেশে ৫৭টি মামলা হয়। এসব মামলায় আসামি আছেন ছয় হাজার ৫২ জন। এর মধ্যে পিলখানায় ১১টি মামলায় আসামি চার হাজার ৭০ জন। এর বাইরে খুন, অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুরসহ বিভিন্ন অপরাধে সিআইডি ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। ওই মামলার বিচারও শুরু হয়েছে।