রেকর্ড গড়তে গিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বদ্ধ সুড়ঙ্গে দীর্ঘ সময় কাটানোর রেকর্ড গড়তে গিয়ে মৃত্যুবরণ করেছেন শ্রীলঙ্কার জনাকা বসনায়েকে নামের এক ব্যক্তি। শ্রীলঙ্কার পুলিশ গতকাল সোমবার এ খবর জানিয়েছে।পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ২২০ কিলোমিটার উত্তরে অবস্থিত কান্তেল শহরে ওই ঘটনা ঘটে। ২৪ বছর বয়সী বসনায়েক তাঁর পরিবার ও বন্ধুদের সহায়তায় ১০ ফুট গভীর মাটির গর্তে ঢোকেন। পরিবারের সদস্য ও বন্ধুরা কাঠ ও মাটি দিয়ে ঢেকে গর্তটিতে বায়ু চলাচল বন্ধ করে দেন। পুলিশ জানায়, বসনায়েক সকাল সাড়ে নয়টার সময় গর্তে ঢোকেন। আর বিকেল চারটার সময় অজ্ঞান অবস্থায় তাঁকে গর্ত থেকে ওপরে তোলা হয়। এ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কান্তাল হাসপাতালের চিকিত্সক ডি জি কস্তা বলেন, ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও তদন্ত হবে বলে জানান তিনি। বসনায়েকের মা এল ডি লিলাওয়াতি জানান, বসনায়েক ছোটবেলা থেকেই অদ্ভুত সব কর্মকাণ্ড করতে ভালোবাসত। তিনি আরও বলেন, এর আগের দুটি অনুষ্ঠানে সে আড়াই ঘণ্টা ও ছয় ঘণ্টা বায়ুরুদ্ধ গর্তে ছিল।জীবন্ত অবস্থায় বায়ুরুদ্ধ গর্তে কাটানো সর্বোচ্চ সময়ের রেকর্ড আনুষ্ঠানিকভাবে কোথায় লিপিবদ্ধ আছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বসনায়েকে সিভিল ডিফেন্স ফোর্সের সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ।