বিডিআর বিদ্রোহে জড়িত থাকার দায়ে পিলখানা সদর দপ্তরের রেকর্ডিং উইংয়ের ১১১ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। আজ মঙ্গলবার পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৯-এর সভাপতি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করিম এ রায় ঘোষণা করেন।রায়ে ৪৩ জনকে সাত বছরের, ১০ জনকে সাড়ে ছয় বছরের, নয়জনকে ছয় বছরের, ১০ জনকে সাড়ে পাঁচ বছরের, চারজনকে পাঁচ বছরের, একজনকে সাড়ে চার বছরের, পাঁচজনকে চার বছরের, ১৬ জনকে সাড়ে তিন বছরের, ছয়জনকে তিন বছরের এবং সাতজনকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় দায়ের হওয়া কোনো মামলায় এটাই প্রথম রায়।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেকর্ডিং উইংয়ের ১১১ জওয়ানের বিরুদ্ধে মামলা হয়। তাঁদের বিরুদ্ধে গত বছরের ২৫ অক্টোবর আদালতে অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মহাপরিচালকের আদেশ অমান্য করে দরবার হল ত্যাগ করা, বৈধ কর্তৃপক্ষের আদেশ ছাড়া অস্ত্রভান্ডার লুট, উসকানিমূলক বক্তব্য দান, অন্যকে বিদ্রোহে প্ররোচিত করা, প্রচারপত্র বিতরণ করা ও বিদ্রোহ দমনে কোনো ভূমিকা না রাখা।