রেকর্ডের ইউএস ওপেন
আগামীকাল শুরু ইউএস ওপেন ২০১২। বছরের শেষ গ্র্যান্ড স্লামে কোর্টের লড়াই শুরুর আগে জেনে নিন টুর্নামেন্টের নানা তথ্য—সবচেয়ে বেশি ৭ বার ইউএস ওপেন জিতেছেন ৩ জন— যুক্তরাষ্ট্রের রিচার্ড সিয়ার্স, বিল লার্নেড ও বিল টিলডেন। তবে তিনজনের এই সাফল্য উন্মুক্ত যুগের আগে। উন্মুক্ত যুগে সর্বোচ্চ ৫ বার টুর্নামেন্ট জিতেছেন তিনজনও—যুক্তরাষ্ট্রের জিমি কর্নস, পিট সাম্প্রাস ও সুইজারল্যান্ডের রজার ফেদেরার।পুরুষ একক, দ্বৈত এবং মিশ্র দ্বৈত মিলিয়ে সবচেয়ে বেশি ১৪টি শিরোপা জিতেছেন বিল টিলডেন। উন্মুক্ত যুগে যে রেকর্ডটি জন ম্যাকেনরোর—৮টি শিরোপা।সবচেয়ে বেশি বার মহিলা চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের মোলা ম্যালোরি। জিতেছেন ৮ বার ইউএস ওপেন। অবশ্য উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি ৬টি ইউএস ওপেন জয়ের রেকর্ড—আমেরিকার ক্রিস এভার্টের।মহিলা একক, দ্বৈত এবং মিশ্র দ্বৈত মিলিয়ে সবচেয়ে বেশি ২৫টি শিরোপা জিতেছেন মার্গারেট ওসবোর্ন ডুপন্ট (৩টি একক, ১৩টি দ্বৈত এবং ৯ মিশ্র দ্বৈত)। উন্মুক্ত যুগে যে রেকর্ডটি মার্টিনা নাভ্রাতিলোভার— ১৬টি শিরোপা।উন্মুক্ত যুগে মহিলা বিভাগে টানা ৪টি ইউএস ওপেন জয়ের রেকর্ডও এভার্টের।১৯৯২ সালের স্টেফান এডবার্গ ও মাইকেল চ্যাংয়ের সেমিফাইনালটি টুর্নামেন্টের দীর্ঘতম ম্যাচ। এটির নিষ্পত্তি হতে সময় লেগেছিল ৫ ঘণ্টা ২৬ মিনিট।সর্বোচ্চ টানা ৭টি ইউএস ওপেন জয়ের রেকর্ড রিচার্ড সিয়ার্সের। উন্মুক্ত যুগে যে রেকর্ডটি রজার ফেদেরারের—৫টি। সবচেয়ে কম বয়সী পুরুষ চ্যাম্পিয়ন পিট সাম্প্রাস। ১৯৯০ সালে ইউএস ওপেন জিতেছিলেন ১৯ বছর ২৮ দিন বয়সে। মহিলা বিভাগে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ট্রেসি অস্টিন। ১৬ বছর ৮ মাস ২৮ দিন বয়সে তিনি টুর্নামেন্ট জিতেছিলেন ১৯৭৯ সালে। সবচেয়ে বেশি বয়সী পুরুষ চ্যাম্পিয়ন বিল লার্নেড। ১৯১১ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হওয়ার সময় তাঁর বয়স ছিল ৩৮ বছর ৮ মাস ৩ দিন।জানেন কি? ১৮৮৭ থেকে ১৯০১ সাল পর্যন্ত মহিলা এককের ফাইনাল হতো পাঁচ সেটের। ১৮৮৪ থেকে ১৯১১ সাল পর্যন্ত পুরুষ প্রতিযোগী এবং ১৮৮৭ থেকে ১৯১৮ সাল পর্যন্ত মহিলা বিভাগের চ্যাম্পিয়নরা পরের আসরে সরাসরি ফাইনালে খেলার সুযোগ পেয়েছেন। হার্ড কোর্টের জন্য পরিচিত ইউএস ওপেনে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত খেলা হয়েছিল ক্লে কোর্টে।