রেখা আসছেন রিয়েলিটি শোতে
নাচ-বিষয়ক টিভি রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’তে চমক হিসেবে যুক্ত হচ্ছেন বলিউডের একসময়ের পর্দাকাঁপানো অভিনেত্রী রেখা। শোটিতে দ্বিতীয়বারের মতো বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন মাধুরী দীক্ষিত। মাধুরীর পাশাপাশি বিচারক হিসেবে সামনের সপ্তাহেই চুক্তি স্বাক্ষর করবেন রেখা।এরই মধ্যে রেখার সঙ্গে শোটির কর্তৃপক্ষের প্রাথমিক আলোচনা শেষ—শুরুর দিকে ইতস্তত করলেও কাজটি করার জন্য সম্প্রতি আগ্রহ প্রকাশ করেছেন রেখা। অনুষ্ঠান-সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘অবশেষে এই শোর বিচারক হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন রেখা। প্রায় সবকিছুই চূড়ান্ত হয়ে গেছে। এখন শুধু তাঁর চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় আছি আমরা। আশা করছি, খুব শিগগিরই সেই প্রক্রিয়াও সম্পন্ন হবে।’অবশ্য এ বিষয়ে রেখার কোনো বক্তব্য পাওয়া যায়নি।সূত্রটি আরও জানিয়েছে, ‘আমাদের বিশ্বাস, রেখার উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও জনপ্রিয় করে তুলবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কুষ্ণা অভিষেক ও কবিতা কৌশিক।’এর আগেও ছোট পর্দায় কাজের প্রস্তাব পেয়েছেন রেখা। কয়েকটি রিয়েলটি শো ছাড়াও একটি টিভি সিরিয়ালেও কাজের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সেগুলোর কোনোটিতেই ইতিবাচক সাড়া দেননি। তবে এবার ছোট পর্দায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে বলিউডের অন্যতম সফল দুই অভিনেত্রী রেখা ও মাধুরীকে একই সঙ্গে ছোটপর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকেরা।