রেখার সঙ্গে অভিনয়ে আগ্রহ দেখালেন অমিতাভ
বলিউডের ইতিহাসে অন্যতম সফল জুটি অমিতাভ বচ্চন ও রেখা। শুধু পর্দায় একসঙ্গে উপস্থিতির জন্যই নয়, তাঁদের ব্যক্তিগত জীবনের ঘনিষ্ঠতা নিয়েও একটা সময়ে মুখর ছিল প্রচারমাধ্যমগুলো। আজ সবই অতীত। দীর্ঘদিন রূপালি পর্দায় অনুপস্থিত এই জুটি। সম্প্রতি অমিতাভ জানিয়েছেন, ভালো গল্প ও মানানসই চরিত্র পেলে রেখার সঙ্গে অভিনয়ে কোনো দ্বিধা নেই তাঁর। এ প্রসঙ্গে অমিতাভের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, ‘যদি কোনো ভালো গল্পের ছবিতে আমাদের একসঙ্গে কাজের প্রস্তাব দেওয়া হয় এবং আমাদের দুজনেরই তা পছন্দ হয়, তাহলে আবারও কেন একসঙ্গে অভিনয় করব না!’উল্লেখ্য, সত্তরের দশকে বেশ কয়েকটি সফল ছবি উপহার দিয়েছেন অমিতাভ-রেখা জুটি। সেগুলোর মধ্যে রয়েছে ‘দো আন জানে’ (১৯৭৬), ‘মুকাদ্দার কা সিকান্দার’ (১৯৭৮), ‘মিস্টার নটওয়ারলাল’ (১৯৭৯) ও ‘সুহাগ’ (১৯৭৯)।১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত এই জুটির ‘সিলসিলা’কে বলিউডের ইতিহাসে অন্যতম রোমান্টিক ছবি হিসেবে বিবেচনা করা হয়।