ইস্! শনিবারের বৃষ্টিটা যদি কলম্বোতে না হয়ে শুক্রবার বিকেলে মিরপুরে নামত! কতই না সুখ হতো। আমাদের ক্রিকেটটা বেঁচে যেত একটা অস্বাস্থ্যকর পরিবেশে পড়ার হাত থেকে। ওয়েস্ট ইন্ডিজ দলকে বহনকারী বাসে ঢিল পড়ার মতো ঘটনার জন্য বা পরাজয়ের ধরনের অসহ্যতার জন্য অস্বাস্থ্যকর পরিবেশ বলছি না। ক্ষুব্ধ দর্শকের ছোড়া ঢিলের চাইতে বড় মাপের আত্মঘাতী ঢিল আমাদের শুদ্ধ ক্রিকেট বোর্ডের ওপর, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল আমাদের ক্রিকেট-সমাজের, বলা ভালো ক্রিকেটার-সমাজের স্নেহ-শ্রদ্ধার বহমান সুশোভন ধারার ওপর আছড়ে পড়ছে দেখে স্বাস্থ্যহানীর কথা বলছি। বিষয়টি আতঙ্কের আন্দাজ ধরতে পেরে হেঁয়ালির মতো করে বলছি। বিস্তারিত আলোচনা করে জ্বালা বাড়াতে চাই না। হঠকারী ক্ষিপ্ত দর্শকের অসভ্য আচরণে বিব্রত আমজনতা যেমন শনিবারে ফুল হাতে হোটেলে গিয়ে অতিথি দল ও ঘরের ছেলেদের কাছে দুঃখ প্রকাশ করে এসেছে, মান বাঁচিয়েছে সবার; তেমনই ফুলেল সমাপ্তি কামনা করছি শুক্রবারের পরাজয়-পরবর্তী সমালোচনা উদ্ভূত আমার অনুমেয় আতঙ্কের। পরিমিত শোভন বোধ আশ্রয় নিক তাদের মাথায়, যাদের একটি মন্তব্য এলোমেলো করে দিতে পারে আবহাওয়া। শাশ্বত বাংলার সমাজ-সংস্কৃতির শোভন উপকরণে ঋদ্ধ হোক আমাদের ক্রিকেটীয় উচ্চারণসমূহ। আক্রমণ-প্রতি আক্রমণে যেন ধসে না পড়ে আমাদের ক্রিকেট-সমাজের সহমর্মিতার বিরাজমান শক্ত গাঁথুনি।শনিবারের প্রেমাদাসায় ফিরে আসি। শ্রীলঙ্কানদের অনেক উৎসাহের ম্যাচটা গত বিশ্বকাপের শিরোপা ছুঁই ছুঁই করেও না ছুঁতে পারার ক্ষোভ মেটানোর সুযোগটা যেন ছিনতাই করল বৃষ্টি। ৩৩ ওভারে যখন ম্যাচটা বৃষ্টিসিক্ত, সাঙ্গাকারা তখন শতরানমুখী। তার দল ১৪৬ রানে তিন উইকেট। ১৭ ওভার বাকি ছিল, হাতে সাত উইকেট। পাওয়ার প্লে ছিল, তিন শ রান পেরিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। অস্ট্রেলিয়া ভীষণ লড়াকু, দারুণ জমত ম্যাচটা। শ্রীলঙ্কানরা হতাশ তো বটেই। নৈর্ব্যক্তিক অবস্থানে থাকা সারা ক্রিকেট বিশ্ব বঞ্চিত হলো এক রোমাঞ্চকর ক্রিকেট-যুদ্ধ উপভোগ করা থেকে। সে যা হোক, যতক্ষণ খেলা হলো, আমাদের জন্য লক্ষণীয় ছিল বেশ কিছু। দ্বিতীয় ওভারে দিলশানের উইকেট হারাল শ্রীলঙ্কা। মঞ্চে নামলেন অধিনায়ক। বেশিক্ষণ সঙ্গে পেলেন না থারাঙ্গাকে। শুরুতে আহতই শ্রীলঙ্কা। অধিনায়ক নেমে পড়লেন ইনিংস মেরামতের কাজে। প্রথমে মাহেলাকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলে উঠলেন, তারপর সামারাবীরাকে দৃঢ় অবস্থান নিলেন ম্যাচের চলমান ধারায়। এই অতিপ্রয়োজনীয় কাজটাই শুক্রবারে মিরপুরে আমরা মোটেই করতে পারিনি। থাক, কে আর হূদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে? শেষের কথা, আজ যে কথাটা বলতে মূলত কলম ধরেছিলাম, সেটা রেখে ঢেকে বললাম। এই মুহূর্তে রেখে ঢেকে বলাটাই কর্তব্য মনে করছি। উদ্দেশ্য, সংশ্লিষ্ট মহলের বাকসংযম।