রেজওয়ানুলের শুনানি শুরু ৩ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সন্ত্রাসী হামলা পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের আনুষ্ঠানিক শুনানি শুরু হবে ৩ এপ্রিল। এর আগে মামলার বিচারপ্রক্রিয়া নিয়ে আরেকটি প্রাক-শুনানি হবে ২০ ফেব্রুয়ারি। গতকাল বুধবার নিউইয়র্কের ব্রুকলিনের ইস্টার্ন ডিস্ট্রিক ফেডারেল আদালতের প্রধান বিচারক এ নির্দেশ দেন।গতকাল সকাল নয়টায় কড়া নিরাপত্তার মধ্যে কারা পোশাকে রেজওয়ানুলকে আদালতে হাজির করা হয়। আদালতে রেজওয়ানুল ছিলেন ভাবলেশহীন। আদালত কর্তৃক রেজওয়ানুলের পক্ষে নিয়োজিত আইনজীবী হেইডি সিজার তাঁর মক্কেলকে নির্দোষ দাবি করে জামিনের আবেদন জানান।অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেমস লুনাম রেজওয়ানুলকে আল-কায়েদার নিহত নেতা আনোয়ার আল আওলাকির ভাবশিষ্য বলে উল্লেখ করেন। রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ তোলা হয়, আওলাকির ভাবাদর্শে প্ররোচিত হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছেন রেজওয়ানুল।রেজওয়ানুলের কাছ থেকে উদ্ধার করা অডিও ক্যাসেটের কথা আদালতে পুনরায় উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।মাত্র ১৫ মিনিটের সংক্ষিপ্ত শুনানি শেষে পক্ষ-বিপক্ষে আনুষ্ঠানিক যুক্তি-তর্ক ও শুনানি শুরু করার জন্য ৩ এপ্রিল তারিখ নির্ধারণ করেন আদালত। এর আগে মামলা পরিচালনার কর্মকৌশল ও বিচারপ্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য উভয় পক্ষকে আগামী ২০ ফেব্রুয়ারি আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।আদালতে রেজওয়ানুলের পক্ষে আদালতের নিযুক্ত আইনজীবী হেইডি সিজার ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। সরকারিভাবে রেজওয়ানুলের মামলায় সহযোগিতা করার জন্য এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা শাহানারা মনিকা, কনসাল বিভাগের প্রধান শামসুল হক ও নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। শুনানির পর দূতাবাসের কর্মকর্তারা রেজওয়ানুলের আদালত নিযুক্ত আইনজীবী হেইডি সিজারের সঙ্গে কথা বলেছেন। শুনানি শেষে সংক্ষিপ্ত সময়ের জন্য রেজওয়ানুলের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। গত বছরের ১৭ অক্টোবর ‘স্টিং অপাররেশন’-এর মাধ্যমে রেজওয়ানুল গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম বাংলাদেশি কর্মকর্তারা সরাসরি তাঁর সঙ্গে কথা বলেন। দূতাবাস কর্মকর্তাদের রেজওয়ানুল জানিয়েছেন, কারাগারে টেলিভিশন দেখার সুবিধা পাচ্ছেন তিনি। ডিটেনশন সেন্টার থেকে নিয়ন্ত্রিত ফোনকলের মাধ্যমে আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে তাঁকে। অভিযোগের গুরুত্ব ও পরিণতি সম্পর্কে অবগত আছেন কি না—এ প্রশ্নের ইতিবাচক উত্তর দিয়েছেন রেজওয়ানুল। আদালতে রেজওয়ানুলের সরকার নিযুক্ত আইনজীবী পুনরায় বলেছেন, উভয় পক্ষের মধ্যে শুনানি ছাড়াই মামলা নিষ্পত্তির আলোচনা চলছে। এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানাতে অস্বীকার করেন তিনি। রেজওয়ানুলের মামলা নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন অ্যাটর্নি মইন চৌধুরী প্রথম আলোকে জানান, নিষ্পত্তির জন্য অপরাধ স্বীকার করে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এ ধরনের জটিল মামলায় স্বেচ্ছায় অপরাধ স্বীকার করার কারণে অভিযুক্তকে লঘু দণ্ড প্রদান কর হয়ে থাকে। স্বেচ্ছায় অপরাধ স্বীকার করে দণ্ড গ্রহণ করলে সাধারণত আপিল করার কোনো সুযোগ থাকে না। অ্যাটর্নি মইন চৌধুরী বলেন, রেজওয়ানুলের মামলা সুষ্ঠুভাবে দেখভাল করার জন্য নিজস্ব আইনজীবী, আত্মীয়স্বজন ছাড়াও ইচ্ছে করলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও আইনজীবী নিয়োগের মাধ্যমে অভিযুক্তকে সহযোগিতা করার অবকাশ রয়েছে।