কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের উপনির্বাচনে রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রেজওয়ান আহাম্মদ জয়ী হয়েছেন বলে অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে। তিনি পেয়েছেন এক লাখ ৫৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৭৮৫ ভোট।ফলাফল প্রত্যাখ্যান করেছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম। তিনি বলেন, এ নির্বাচন বহুল আলোচিত মাগুরা নির্বাচনের কারচুপির দৃষ্টান্তকে হার মানিয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন।এ আসনের সাতবারের সাংসদ আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে আসনটি শূন্য হয়। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করেন রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহাম্মদ। অন্য প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম আওয়ামী লীগের অষ্টগ্রাম উপজেলা শাখার প্রচার সম্পাদক। তিনি নির্বাচন করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তাঁর প্রতীক ফুটবল।বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া আজ বুধবার ভোট গ্রহণ শেষ হয়। তবে আওয়ামী লীগের ব্যাপক সংখ্যক কর্মী-সমর্থকের কাছে কেন্দ্রগুলোতে কোণঠাসা হয়ে পড়েন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা।এ আসনে মোট দুই লাখ ৭৯ হাজার ৭১৯ জন ভোটারের মধ্যে এক লাখ ৫৯ হাজার ৮৩৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। অষ্টগ্রামে রেজওয়ান ২৮ হাজার ৪৭৬, মহিতুল ২৬ হাজার ১৭৩; ইটনায় রেজওয়ান ৩৭ হাজার ৫৪, মহিতুল ২৩ হাজার ৬৭৩ এবং মিঠামইনে রেজওয়ান ৩৪ হাজার ৫২১, মহিতুল আট হাজার ৮৭৫ ভোট পেয়েছেন।পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ১৭টি কেন্দ্রে ইচ্ছেমতো সিলমারা ও পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম। অবশ্য রেজওয়ান আহাম্মদ নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। রেজওয়ানের অন্যতম নির্বাচন সমন্বয়ক ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান বলেন, ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। তিনি তাঁদের কর্মী-সমর্থকদের আধিপত্য বিস্তারের চেষ্টা করার অভিযোগ অসত্য বলে দাবি করে বলেন, শক্তিশালীদের বিরুদ্ধে দুর্বলরা সব সময়ই এ জাতীয় অভিযোগ এনে থাকেন।সৈয়দ মহিতুল ইসলামের প্রধান নির্বাচন সমন্বয়ক সৈয়দ মোহাম্মদ শাহজাহান আজ দুপুরে প্রথম আলো ডটকমের কাছে ইটনার আটটি, মিঠামইনের চারটি ও অষ্টগ্রামের চারটি কেন্দ্র থেকে তাঁদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন। কেন্দ্রগুলো হলো ইটনা উপজেলার চৌগাঙ্গা শহীদ স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, লাইনপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বড়বাড়ি কমিউনিটি সেন্টার কেন্দ্র, উয়ারা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, রায়টুঁটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বড়শিকুড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, রায়টুটি শ্রীহরিপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, মিঠামইন উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, চমকপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বৈরাটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, হোসেনপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং অষ্টগ্রামের উত্তর ও দক্ষিণ আবদুল্লাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ইদ্রিস আলী উচ্চবিদ্যালয় কেন্দ্র।সৈয়দ শাহজাহানের অভিযোগ যাচাই করার জন্য বেলা তিনটার পর ইটনা উপজেলার চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল কেন্দ্রে ফুটবল প্রতীকের এজেন্টরা কেউ নেই। পরে কেন্দ্রের বাইরে ওই কেন্দ্রে ফুটবলের এজেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত আবদুস সালাম, কামরুল ইসলাম, আবুল কালাম আজাদ ও আবুল হাশেমের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, পাশের ইউনিয়ন করিমগঞ্জের নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা ফারুক নাদিমের নেতৃত্বে নৌকার কর্মী-সমর্থকেরা তাঁদের কেন্দ্র থেকে বের দেন। অবশ্য ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবু নাসের খানের কাছে ফুটবলের এজেন্টদের অনুপস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে বলেন, ‘তাঁরা কেন নেই, তা আমার জানা নেই।’অভিযুক্ত নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা ফারুক নাদিম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ঠিক নয় বলে জানান। তিনি বলেন, ‘আমি সকাল থেকেই ওই কেন্দ্রে ছিলাম। তবে আত্মীয়স্বজনদের কাছে ভোট চাওয়ার বাইরে আর কোনো কিছুই করিনি।’এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মিঠামইনের চমকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে সাব্বির আহমেদ ও মোহাম্মদ হাসান নামে দুজন ভোটার জানান, কেন্দ্রে ভোট দিতে গিয়ে জানতে পারেন আগেই তাঁদের ভোট দেওয়া হয়ে গেছে। পরে তাঁরা প্রিসাইডিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে চলে আসেন। প্রিসাইডিং কর্মকর্তা ওসমান গনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন। কড়া নিরাপত্তায় ভোটনির্বাচনী এলাকার তিন উপজেলা ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইনে কড়া নিরাপত্তা বলয় তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনী। ছোট ছোট নৌকায় করে ভোটাররা কেন্দ্রে এসে ভোট দিয়ে আবার ফিরে যান। বেশির ভাগ কেন্দ্রে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের দেখা পেলেও হাতেগোনা কয়েকজন ছাড়া ফুটবল প্রতীকের কর্মী সমর্থকদের উপস্থিতি টের পাওয়া যায়নি।বেলা পৌনে ১১টার দিকে ইটনার বড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল, ছোট ছোট নৌকায় করে ভোটাররা কেন্দ্রে আসছেন। এই কেন্দ্রের মোট ভোটার এক হাজার ৫১৩ জন। পৌনে ১১টার মধ্যে এক-তৃতীয়াংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কিশোরগঞ্জ সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ আহমেদের সঙ্গে দেখা হয় ওই কেন্দ্রে। তিনি বলেন, ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে।