রেজওয়ানা চৌধুরী বন্যার বাবার ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার বাবা মাজহার উদ্দিন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে হঠাত্ ব্রেন স্ট্রোক করলে ওই দিনই তাঁকে রাজধানীর মহাখালীতে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। শেষে রাত একটায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, মেয়ের জামাই, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।রেজওয়ানা চৌধুরী বন্যার মেয়ে নামিরা নুজহাত জানান, তাঁর নানা দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। নানার লাশ বর্তমানে বারডেম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মা ও বড় খালা দুজনেই এখন দেশের বাইরে অবস্থান করছেন। খালা কাল শনিবার এবং মা আগামী রোববার দেশে ফিরবেন। তাঁদের দেশে ফেরার পর নানার দাফন কাজ শেষ করা হবে।আগামী রোববার প্রথমে লালমাটিয়া সি-ব্লক মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী গোরস্থানে দাফন করা হবে। রেজওয়ানা চৌধুরী বন্যার বাবা মাজহার উদ্দিন খান বিআরটিসির মহাব্যবস্থাপক হিসেবে চাকরি জীবন শেষ করেন।