রেজওয়ানুলকে বিচারিক সুবিধা দেওয়া হবে
সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসকে পূর্ণ বিচারিক সুবিধা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের আইনে অভিযুক্ত ব্যক্তিরা যেসব মানবিক ও আইনগত সহযোগিতা পেয়ে থাকেন, তার সবই তিনি পাবেন। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশি কূটনৈতিক কর্মকর্তাদের বৈঠকের পর যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় এ আশ্বাস দিয়েছে। রেজওয়ানুলের বিষয়ে গত শুক্রবার দুপুরে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের ও ডেপুটি চিফ অব মিশন এম এ মুহিত যুক্তরাষ্ট্রের আইন ও বিচার মন্ত্রণালয়ের উপসহকারী অ্যাটর্নি জেনারেল ব্রুস সোয়ার্টজের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রদূত আকরামুল কাদের জানিয়েছেন, মার্কিন কর্তৃপক্ষ রেজওয়ানুলের বাংলাদেশি পাসপোর্টের কপি হস্তান্তর করেছে। রেজওয়ানুল বাংলাদেশি নাগরিক—এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পর তদন্ত পরিচালনায় বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা করবে বলে রাষ্ট্রদূত কাদের জানান। নিউইয়র্কের নির্জন নিরাপত্তা কারাগারে আটক নাফিসের সঙ্গে বাংলাদেশি কর্মকর্তারা সাক্ষাতের জন্য কনস্যুলার প্রবেশাধিকার চেয়েছেন। মার্কিন বিচার মন্ত্রণালয় কনস্যুলার প্রবেশাধিকার মঞ্জুর করার পর বাংলাদেশি কর্মকর্তারা রেজওয়ানুলের সঙ্গে একান্তে দেখা করতে পারবেন। রাষ্ট্রদূত আকরামুল কাদের জানিয়েছেন, রেজওয়ানুলের গ্রেপ্তারের ঘটনার জের ধরে অন্য কোনো বাংলাদেশি যেন অহেতুক হয়রানি এবং বিদ্বেষের শিকার না হন, এ ব্যাপারে সতর্ক থাকার জন্য রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। মার্কিন বিচার বিভাগ থেকে বলা হয়েছে, রেজওয়ানুলের গ্রেপ্তার ঘটনায় বাংলাদেশি আমেরিকানদের বিরূপ দৃষ্টিতে দেখার কোনো কারণ নেই। এ ঘটনা এখনো তদন্ত পর্যায়ে। অভিযুক্ত ব্যক্তিকে দেওয়া পূর্ণ নাগরিক মানবিক ও আইনগত সুবিধা নাফিসের বেলায়ও প্রযোজ্য বলে মার্কিন আইন ও বিচার মন্ত্রণালয় থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে।বৈঠকে রাষ্ট্রদূত আকরামুল কাদের যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের অংশীদারি ও সমর্থনের কথা পুনরুল্লেখ করেন।