রেজিস্টার্ড স্কুলে পড়ালেখার মান শূন্যের কোঠায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকেরা অনিয়ম করায় ভোলায় গ্রামের স্কুলের ছাত্ররা প্রাথমিক গণ্ডি না পেরোতেই ঝরে যাচ্ছে। অভিযোগ আছে, শিক্ষকেরা নিয়মিত স্কুলে আসে না। এলেও সাড়ে চারটা পর্যন্ত ক্লাস না করে বেলা একটার মধ্যে ছুটি দিয়ে দেয়। ফলে ছাত্ররা ক্লাসে পড়া তৈরি করতে পারছে না। শিক্ষকেরা বলছেন, গ্রামের ছাত্রদের মা-বাবা নিজেরাও অশিক্ষিত এবং তাঁদের প্রাইভেট পড়ানোর সামর্থ্যও নেই। অধিকাংশ ছাত্র সকালে ঠিকমতো খেয়ে আসে না। ফলে দুপুরের আগে ক্লাসে মন বসাতে পারে না। ভোলার সাত উপজেলার ২০টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে জানা যায়, স্কুল প্রতিষ্ঠার পরে কোনো দিনও বৃত্তি পায়নি। জেলার রেজিস্টার্ড স্কুলের পড়াশোনার মান খুবই নিম্নমানের বলে অভিযোগ আছে। ওই সব প্রধান শিক্ষকের দাবি, ছাত্ররা সমাপনী পরীক্ষায় পাস করেছে, এতেই তাঁরা সন্তুষ্ট। তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে ২০ জন ছাত্র থাকলেও ৩ মার্চ উপস্থিত হয়েছে মাত্র ছয়জন। ছয়জনের তিনজন নার্গিস, সেলিনা ও শাহানাজ কেউই বাড়িতে পড়া তৈরির সহায়তা পায় না। শশীগঞ্জ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র সাগর দাস বলেন, ‘গ্রামের স্কুলে ৫০ ভাগ ছাত্র সকালে না খেয়ে স্কুলে আসে। অভাবের কারণে মরিচের সময়, ডাল তোলার সময় এবং চিংড়ি রেণু ও ইলিশ মৌসুমে শিশুরা নিয়মিত স্কুলে আসে না।’ ভোলা সদর উপজেলার অভিভাবক ভোলা রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিনমজুর মো. দুলাল ও তাঁর স্ত্রী শাহনুর বেগম নিজেরা লেখাপড়া জানেন না। সংসারে ছয় ছেলেমেয়ে। অভাবের সংসার চলে কোনো রকম। তার পরেও দুটি ছেলেমেয়েকে স্কুলে ভর্তি করিয়েছেন ৩ নম্বর রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে।একই এলাকার অভিভাবক ইয়ানুর বেগম (৩৪) জানান, তাঁর ছেলে ফারুক এবং মেয়ে নাজমা ওই স্কুলে পড়ে। তবে তাঁর ছেলেমেয়ে কোন শ্রেণীতে পড়ে তাও তিনি বলতে পারেন না। ওই স্কুলের অভিভাবক রাবেয়া (৩৫), তাছনুর (৩৪), আলেনুর (৩৬), জাহানারাসহ (৪১) সবাই জানান, শিক্ষকেরা স্কুলে যা পড়ায়, এর ওপরে ছেলেমেয়েদের পড়ালেখার ভরসা করতে হয়। তাঁরা নিজেরাও লেখাপড়া জানেন না। আবার তাঁদের এমন সামর্থ্য নেই যে প্রাইভেট পড়িয়ে ছেলেমেয়েদের ভালো করে শিক্ষিত করে তুলবে। খোঁজ নিয়ে জানা যায়, ভোলার গ্রামপর্যায়ে প্রাইমারির শিক্ষকেরা সকালে ঠিকমতো স্কুলে আসেন না এবং দুপুরের আগেই স্কুল ছুটি দিয়ে দেন। বিশেষ করে রেজিস্টার্ড স্কুলে পড়ালেখার মান শূন্যের কোঠায়। এসব স্কুলে ঝরে পড়ার সংখ্যাও বেশি। অনুসন্ধানে জানা যায়, যেসব ছাত্রছাত্রী নিয়মিত উপবৃত্তি পায় তারাই নিয়মিত স্কুলে উপস্থিত হচ্ছে। ২ নম্বর আলগী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রোকেয়া নাজনীন বলেন, তাঁর স্কুলে ৪০ ভাগ ছাত্রছাত্রী উপবৃত্তি পাচ্ছে। কিন্তু পাওয়ার যোগ্য ৭০ ভাগ ছেলেমেয়ে। অন্যদিকে উপবৃত্তি পেয়ে ছাত্রদের কোনো উপকারে আসছে না। ওই টাকায় মা-বাবা তাঁদের প্রয়োজনীয় বাজার করছে। ভোলার ৩০টি স্কুলে গিয়ে একই ধরনের তথ্য জানা যায়। ঝরে পড়া রোধ হচ্ছে না ভোলার পল্লিতে প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হারও চোখে পড়ার মতো। বোরহানউদ্দিন উপজেলার পশ্চিম রাম রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০৫ সালে ৭৪ জন প্রথম শ্রেণীতে ভর্তি হলেও ২০০৯ সালে পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দিয়েছে মাত্র ১৪ জন। এ স্কুলে ৪০ ভাগ শিশু বাসায় পড়ার সুযোগ থেকে বঞ্চিত।ভোলা সদর উপজেলার মৌলভীরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ২০০৫ সালে প্রথম শ্রেণীতে ১৪০ জন ভর্তি হলেও ২০০৯ সালে পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিয়েছে ৬৫ জন। এ স্কুলের ৮০ ভাগ ছাত্ররা বাসায় পড়ার সুযোগ থেকে বঞ্চিত। দৌলতখান উপজেলার ২ নম্বর দক্ষিণ-পশ্চিম মেদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০৫ সালে প্রথম শ্রেণীতে ছিল ৪২ জন। ২০০৯ সালে পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দেয় ১৪ জন। এ স্কুলের ৬০ ভাগ ছাত্র বাসায় পড়া তৈরি করতে সহায়তা পাচ্ছে না। দৌলতখান চরগুমানী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে ২০০৫ সালে ৪৮ জন ভর্তি হলেও ২০০৯ সালে পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিয়েছে ১২ জন। এ স্কুলে ৩৫ ভাগ ছাত্র বাসায় পড়া তৈরি করতে সহায়তা পাচ্ছে না।