প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদপ্তরের (ডিজিএফআই) তৎকালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীর নেতিবাচক ভূমিকার কারণে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনা স্থানীয় ডিজিএফআই তদন্ত করতে পারেনি। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে কর্নেল (অব.) এ কে এম রেজাউর রহমান ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এ অভিযোগ করেন। কর্নেল রেজাউর ২০০৩ সালের ১৩ ডিসেম্বর চট্টগ্রাম সেনানিবাসে ডিজিএফআইয়ে যোগ দেন। ওই সময় তিনি ডিটাচমেন্ট অফিসে কর্নেল (জিএস) হিসেবে কর্মরত ছিলেন। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম ইউরিয়া সারকারখানার (সিইউএফএল) ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক করে পুলিশ। পরদিন ২ এপ্রিল ভোরে তিনি সিইউএফএল জেটিঘাট পরিদর্শন করেন।সিইউএফএলের জেটিঘাট থেকে অস্ত্র শহরের দামপাড়ায় আনার সময় কর্নেল রেজাউরের গাড়ি ট্রাকগুলোর পেছনে ছিল। ২ এপ্রিল ভোরে এক ব্যক্তির কাছ থেকে তিনি প্রথম অস্ত্র আটকের খবর পান। এরপর কী ঘটেছিল, তদন্ত কমিটির ভূমিকা কী ছিল এবং স্থানীয় ডিজিএফআইকে কীভাবে রেজ্জাকুল নিষ্ক্রিয় করে রেখেছিলেন, জবানবন্দিতে এসব তুলে ধরেন রেজাউর। আদালত সূত্র জানায়, গতকাল বিকেল সোয়া তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তিনি আদালতে জবানবন্দি দেন। একজন সাক্ষী হিসেবে তাঁর জবানবন্দি নথিভুক্ত করা হয়। জবানবন্দিতে তিনি বলেন, ‘অস্ত্র আটকের দুই-তিন দিন পর ঘটনাটি তদন্ত করতে ঢাকা থেকে জাতীয় পর্যায়ের একটি কমিটি আসে। কমিটিতে ডিজিএফআইয়ের প্রতিনিধি হিসেবে পরিচালক (সিআইবি) রেজ্জাকুল হায়দার চৌধুরী গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এনএসআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান ওই কমিটিতে সদস্য ছিলেন। স্বরাষ্ট্রসচিব ওমর ফারুক ছিলেন কমিটির সভাপতি। কমিটির সদস্যরা চার-পাঁচ দিন চট্টগ্রামে ছিলেন।’ কর্নেল রেজাউর বলেন, ‘চট্টগ্রাম ত্যাগের সময় আমি রেজ্জাকুল হায়দারকে জিজ্ঞেস করি, এই মামলায় ডিজিএফআইয়ের আর কোনো করণীয় আছে কি না? জবাবে তিনি বলেন, ডোন্ট ওরি। এটা তদন্ত কমিটি দেখছে। তোমাদের কোনো করণীয় নেই।’সাবেক ডিজিএফআই কর্মকর্তা আরও বলেন, ‘বিভিন্ন সূত্র থেকে জেনেছি, রেজ্জাকুল হায়দারের সক্রিয় ভূমিকার কারণে এনএসআই এবং উলফার সম্পৃক্ততার বিষয়টি তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে প্রতিবেদনে সে বিষয়টি চাপা পড়ে যায়। তাঁর সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খুব ভালো যোগাযোগ ছিল। রাজনৈতিক যোগাযোগের কারণে তিনি খুব প্রভাবশালী ছিলেন।’ অস্ত্র আটকের প্রথম বার্তা পাওয়া প্রসঙ্গে কর্নেল রেজাউর আদালতে বলেন, ‘২ এপ্রিল ভোর। বাইরে দিনের আলো দেখা যাচ্ছিল। সোর্স আমাকে জানায়, শহরে একটা খবর আছে। পুলিশ নাকি নদীর ওপারে কিছু অস্ত্র উদ্ধার করেছে। এরপর ল্যান্ডফোনে ডিজিএফআইয়ের পরিচালক (সিআইবি) রেজ্জাকুলের কল পাই। তিনি আমাকে বলেন, সিইউএফএল ঘাটে পুলিশ কিছু অস্ত্র উদ্ধার করেছে। তুমি গিয়ে দেখে এসে আমাকে জানাও।’জবানবন্দিতে কর্নেল রেজাউর বলেন, ‘রেজ্জাকুলের নির্দেশে আমি ঘটনাস্থলে যাওয়ার আগে আমাদের মহাপরিচালক মেজর জেনারেল সাদেক হাসান রুমিকে ফোন করে জানাই, পুলিশ সিইউএফএল জেটিঘাটে অস্ত্র উদ্ধার করেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। ফিরে এসে আমি আপনাকে জানাব।’ প্রসঙ্গত, জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে।