রেড ক্রিসেন্টের জমি দখলের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারে অবস্থিত বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের জমি দখলের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন সোসাইটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী। আজ মঙ্গলবার দুপুরে মগবাজার চৌরাস্তায় এক মানববন্ধন কর্মসূচি থেকে তাঁরা এ প্রতিবাদ জানান।মানববন্ধনে বক্তারা বলেন, ৭ এপ্রিল একদল ভাড়াটে সন্ত্রাসী জোর করে সোসাইটির দশমিক ৯৩১২ একর জমি দখল করে নেয়। তাদের সঙ্গে সংঘর্ষে সোসাইটির কর্মকর্তা-কর্মচারীদের ১০ জন আহত হন।জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় ওই এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি দাবি করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জমিটি সোসাইটিকে দিয়ে গেছেন।শিক্ষা মন্ত্রণালয় ও জেলা প্রশাসন জানায়, জমিটি সোসাইটির নয়। সরকারের অধিগ্রহণ করা ওই জমিতে স্কুল প্রতিষ্ঠার প্রস্তুতি চলছে।এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় নারী সাংসদ আসমা জেরিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ এলাকায় একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করা এলাকাবাসীর প্রাণের দাবি। সোসাইটির জমিতে নয়, সরকারি জমিতেই শিক্ষাপ্রতিষ্ঠানটি নির্মাণ করা হচ্ছে। একটি কুচক্রী মহল কোটি কোটি টাকার এই জমি থেকে কীভাবে কমিশন পাওয়া যায়, সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জমি দখলের বিষয়ে জানতে চাইলে সাংসদ বলেন, ‘ভাড়াটে সন্ত্রাসী নয়, বরং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনানুগ উচ্ছেদ-প্রক্রিয়া চালানো হয়েছে।’রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালক (তথ্য ও জনসংযোগ) রিজিয়া জোবেদ জানান, ‘ভূমি মন্ত্রণালয় থেকে ভূমি দখলের জন্য যে আদেশ থাকার কথা, তা দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট দেখাতে পারেননি। এ ছাড়া দখল-সংক্রান্ত পূর্ব নোটিশ সোসাইটিকে দেওয়া হয়নি।’