রেডিও টুডের সাংবাদিককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের বিপরীত পাশে আজ মঙ্গলবার দুপুরে দুর্বৃত্তদের মারধরে আহত হয়েছেন রেডিও টুডের সাংবাদিক এস এম আলমগীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিত্সাধীন আছেন।এস এম আলমগীর কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। আজ ক্লাস শেষ করে তিনি পেশাগত দায়িত্ব পালনের জন্য হেঁটে পুরান ঢাকায় যাচ্ছিলেন। শিক্ষা ভবনের সামনে গেলে এক যুবকের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এতে ওই যুবক ক্ষিপ্ত হয়ে তাঁর শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে একপাশে নিয়ে যায়। এরপর ওই যুবক আরও ছয় সাতজনকে ডাক দিয়ে নিয়ে এসে তাঁকে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মারতে থাকে। এ সময় ওই যুবকেরা তাঁর সঙ্গে থাকা ল্যাপটপটি ছিনিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তিনি দৌড়ে প্রেসক্লাবের সামনে গিয়ে প্রায় অজ্ঞান হয়ে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিত্সাধীন।এস এম আলমগীর অভিযোগ করে বলেন, মারধরের সময় ওই স্থানে পুলিশের বিশেষ শাখার একজন এসআইসহ বেশ পুলিশের কয়েকজন সদস্য ছিলেন। সাহায্য চাইলেও তাঁকে রক্ষা করতে কেউ আসেনি।আজ রাত সাড়ে নয়টার দিকে যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।