রেদোয়ানের লাশ উত্তোলন, ময়নাতদন্ত সম্পন্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র রেদোয়ান আহমেদের লাশ ময়নাতদন্তের জন্য আজ সোমবার দুপুরে কবর থেকে উত্তোলন করা হয়েছে।জানা গেছে, ৫ মার্চ শনিবার রাতে রাজধানীর মতিঝিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে পরিবহন-শ্রমিকদের মারামারিতে রেদোয়ান (২৫) আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই রাতেই মারা যান তিনি। পরের দিন মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে পরিস্থিতি অবনতির আশঙ্কায় রেদোয়ানের আত্মীয়স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত না করেই ঝালকাঠির রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামে নানা বাড়ির কবরস্থানে রেদোয়ানের লাশ দাফন করা হয়।এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শেখ মো. কামরুল আহসান বাদী হয়ে ঢাকার মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ৯ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক পিরোজপুর জেলা প্রশাসককে রেদোয়ান আহমেদের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন।লাশ উত্তোলনকালে ঝালকাঠির নির্বাহী হাকিম শাহাদাত হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সমীর চন্দ্র সূত্রধর উপস্থিত ছিলেন। নিহত রেদোয়ান পিরোজপুরের ভান্ডারিয়া সদরের কারি মো. আলাউদ্দিনের ছেলে।লাশ বিকেল তিনটায় ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়। ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক আবুয়াল হাসান ও চিকিত্সা কর্মকর্তা মো. মাসুদ মোল্লা ময়নাতদন্ত সম্পন্ন করেন।