রেল উন্নয়নের পাঁচ হাজার কোটি টাকার তহবিল অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো ইঞ্জিন, নিম্নমানের যাত্রীসেবা ও বিলম্ব—রেলওয়ের এই চেহারা স্বাধীনতার পর থেকেই। বিগত প্রায় চার দশকে রেলের মান উন্নয়নে উল্লেখযোগ্য কোনো বিনিয়োগই হয়নি। ফলাফল হচ্ছে, যাত্রী ও পণ্য পরিবহনে রেলের অংশ এখন ৫ শতাংশের নিচে। আর মোট দেশজ উৎপাদনে (জিডিপি) রেলের হিস্যা এসে ঠেকেছে মাত্র দশমিক শূন্য ৮ শতাংশে।পণ্য ও যাত্রীসেবায় সড়কের ওপর অতি নির্ভরতা কমাতে উন্নয়ন-সহযোগীরা রেলওয়ের উন্নয়নে ২০০৬ সালে বড় অঙ্কের বিনিয়োগ করতে সম্মত হয়। তাদের শর্ত ছিল, রেলওয়ের ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে হবে। কিন্তু সিদ্ধান্তহীনতার কারণে রেল উন্নয়নে ৭৪ কোটি ডলার বা পাঁচ হাজার কোটি টাকার বিদেশি সহযোগিতা অনিশ্চিত হয়ে পড়েছে। গত ১৪ জুন রেলের মহাপরিচালক যোগাযোগসচিবের কাছে লেখা এক চিঠিতে রেলকে ঢেলে সাজানো বা সংস্কারের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে অনুরোধ জানিয়েছেন।রেলওয়ের কর্মকর্তারা বরাবরই সংস্থাটিকে ব্যবসায়িকভাবে সফল করার জন্য স্বাধীনভাবে কাজ করার দাবি করে আসছিলেন। উন্নয়ন-সহযোগীরাও তাঁদের এই মতকে সমর্থন দিয়েছে। কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ের আমলারা চান, রেলের ওপর তাঁদের পূর্ণ কর্তৃত্ব বজায় থাকুক। এই বিরোধই এখন সামগ্রিকভাবে রেলের উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে।এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও উপদেষ্টা মশিউর রহমান গত ৭ মের মধ্যে রেলের সংস্কার প্রস্তাব মন্ত্রিপরিষদে উপস্থাপনের জন্য দিকনির্দেশনা দিয়েছিলেন। তিনি রেলের প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে হতাশা প্রকাশ করে উন্নয়ন-সহযোগীদের, বিশেষ করে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) চাপের কথা উল্লেখ করেন। মন্ত্রীকে দেওয়া পত্রে অর্থ উপদেষ্টা ট্রানজিট ও ট্রানশিপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ রোহানপুর-সিঙ্গাবাদ, বিরল-রাধিকাপুর এবং টঙ্গী-ভৈরববাজার রেললাইনকে ডবল লাইনে উন্নীত করার প্রকল্পের কথা জানান। রেলের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হচ্ছে না বলে এসব প্রকল্পের জন্য প্রতিশ্রুত অর্থ উন্নয়ন-সহযোগীরা ছাড় করছে না বলেও তিনি যোগাযোগমন্ত্রীকে জানান। চিঠিতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে রেলের সংস্কার প্রস্তাব মন্ত্রিপরিষদে তোলার অনুরোধ করেন অর্থ উপদেষ্টা। ২ এপ্রিল লেখা এই চিঠির অনুলিপি অর্থমন্ত্রী, টেলিযোগাযোগমন্ত্রী, প্রধানমন্ত্রীর সচিব ও মুখ্য সচিবের কাছে পাঠানো হয়।জানতে চাইলে মশিউর রহমান বলেন, বিষয়টি যোগাযোগমন্ত্রী দেখছেন এবং সংস্কার প্রস্তাবটি মন্ত্রিপরিষদে তুলবেন তিনি। একই ধরনের কথা বলেন যোগাযোগসচিব মোজাম্মেল হক খান। তিনি প্রথম আলোকে বলেন, পরামর্শকদের প্রতিবেদন পাওয়ার পর এর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত নেওয়া হয়েছে। সেগুলো সমন্বয় করে অচিরেই রেলের সংস্কার পরিকল্পনা মন্ত্রিপরিষদে পাঠানো হবে। সংস্কার নিয়ে বিরোধ: সূত্র জানায়, সংস্কার নিয়ে বাংলাদেশ রেলওয়ে ও মন্ত্রণালয়ের মধ্যে দ্বিমত চলছে পরামর্শকদের প্রতিবেদন তৈরির পর থেকেই। পরামর্শকেরা রেলওয়ের বর্তমান ব্যবস্থাপনা কাঠামোকে ভেঙে আটটি এলওবিতে (লাইন অব বিজনেস) ভাগ করার প্রস্তাব দেন। প্রতিটি এলওবির প্রধান হবেন একজন অতিরিক্ত মহাপরিচালক। তাঁদের ওপর থাকবে একটি রেলওয়ে বোর্ড। এই বোর্ডের নির্বাহী হবেন মহাপরিচালক এবং চেয়ারম্যান যোগাযোগমন্ত্রী। মহাপরিচালক মন্ত্রীর কাছে জবাবদিহি করবেন।এই প্রস্তাব অর্থ ও সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠানো হলে তারা পরামর্শ দেয় যে রেলওয়ে বোর্ডের পরিবর্তে একটি পরিচালনা পর্ষদ গঠন করে তাতে মন্ত্রীকে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে যোগাযোগসচিবকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। আর রেলওয়ের মহাপরিচালক হবেন পরিচালনা পর্ষদের প্রধান নির্বাহী বা সদস্য সচিব।দুই মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর গত জুন মাসে রেলওয়ে থেকে প্রস্তাব পরিমার্জন করে বলা হয়, বোর্ডের চেয়ারম্যান হবেন যোগাযোগমন্ত্রী আর রেলওয়ের জন্য একজন সচিব থাকবেন, যিনি মহাপরিচালক বা প্রধান নির্বাহীর সঙ্গে মন্ত্রীর সমন্বয় সাধন করবেন।কিন্তু যোগাযোগ মন্ত্রণালয় এই প্রস্তাব গ্রহণ না করে নতুন একটি প্রস্তাব তৈরি করছে। তাতে মহাপরিচালকের বর্তমান পদ বিলুপ্ত করে এলওবি প্রধান প্রত্যেকের পদ মহাপরিচালক করার কথা বলা আছে। যদিও পদমর্যাদা আগের মতোই থাকবে। তাঁরা যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে সচিবালয়ের অধীনে কাজ করবেন। এই নিয়ে রেলওয়েতে অসন্তোষ রয়েছে। এই বিষয়ে যোগাযোগসচিব বলেন, বিভিন্ন অংশীদার বিভিন্ন মত দিয়েছে। কিন্তু সরকারের কাছে যা ভালো মনে হয়, তা-ই করা হবে।নতুন কোনো উদ্যোগ নেই: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতায় রেলওয়েকে কম ঝুঁকিপূর্ণ এবং সাশ্রয়ী উল্লেখ করে রেলওয়েকে করপোরেট রূপান্তর ও ঢেলে সাজানোর কথা বলেছেন। যদিও ২০১০-১১ অর্থবছরের নতুন বাজেটে রেলের উন্নয়নে নতুন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পুরোনো প্রকল্পই রয়ে গেছে। বাজেটে রেলের উল্লেখযোগ্য প্রকল্প হিসেবে বলা হয়েছে: ৪৬টি ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন (লোকোমোটিভ) সংগ্রহ করা; টঙ্গী-ভৈরববাজার পর্যন্ত ডবল লাইন নির্মাণ; কনটেইনার পরিবহনের জন্য ৫০টি ফ্ল্যাট ওয়াগন সংগ্রহ; ২০০টি মিটারগেজ ও ৬০টি ব্রডগেজ যাত্রীবাহী গাড়ি পুনর্বাসন এবং ঢাকা-নারায়ণগঞ্জ ডবল লাইন নির্মাণ।কিন্তু ২০০৯ সালের ১ জানুয়ারি রেলের যাত্রীসেবার মান উন্নয়নের জন্য ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ এবং ৬০টি ব্রডগেজ কোচ মেরামত/পুনর্বাসনে ১২৩ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছিল, যা ২০১০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। অথচ এক বছর ছয় মাস পার হওয়ার পরও এর অগ্রগতি শূন্য।ঢাকার সঙ্গে পার্শ্ববর্তী জেলা শহর নারায়ণগঞ্জের রেলযোগাযোগ-ব্যবস্থা উন্নত করতে ডবল লাইন করার উদ্যোগ তিন বছর আগে নেওয়া। ৪১ কোটি ৩০ লাখ টাকার প্রকল্পটির ঠিকাদার ঠিক করতে রেলওয়ে সময় নিয়েছে দুই বছর। গত বছর অক্টোবরে ঠিকাদার নিয়োগ চূড়ান্ত হলেও এখন পর্যন্ত মাঠপর্যায়ে কাজ শুরু হয়নি। বরং এখন ডাবল লাইনের কাজ বাদ দিয়ে বিদ্যমান লাইন সংস্কারের কাজ চলছে। তিন বছর ধরে পড়ে আছে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সংযোগ স্থাপনকারী সীমান্ত এলাকার রেললাইন মেরামত কাজ। প্রায় দেড় শ কোটি টাকা ব্যয়ে লালমনিরহাট-বুড়িমারী শাখার কাজ শুরুর প্রকল্পটি অনুমোদন হয় ২০০৭ সালের ১ জুলাই। তিন বছর হতে চলল বাস্তব অগ্রগতি দুই শতাংশের নিচে। রাজশাহী-রোহানপুর সীমান্ত এবং আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ শাখায় ১৫৫ কোটি টাকা ব্যয়ে রেললাইনের উন্নয়ন প্রকল্পটি অনুমোদন দেওয়া হয় প্রায় তিন বছর আগে। বাস্তবায়নের জন্য সময় আছে আর এক বছর। বাস্তব অগ্রগতি মাত্র এক শতাংশ। টঙ্গী থেকে ভৈরববাজার পর্যন্ত দুই লাইন করার প্রায় ৭২৫ কোটি টাকার প্রকল্পের অনুমোদন হয় ২০০৬ সালের ১ জুলাই। প্রায় চার বছর অতিক্রম হতে চলেছে, তেমন কোনো কাজ শুরু হয়নি। বিগত অর্থবছরের রেলের উন্নয়ন বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থও কেটে রাখা হয়। গত অর্থবছরে উন্নয়ন বাজেট ছিল এক হাজার ৯৩ কোটি টাকা। পরে এটাকে কমিয়ে ৬৯০ কোটি টাকা করা হয়। মধ্যমেয়াদি বাজেট কাঠামোয় আগামী তিন বছরের জন্য যে প্রক্ষেপণ করা হয়েছে, সেখানে বড় কোনো উদ্যোগের নির্দেশনা নেই।যোগাযোগ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান বলেন, যেসব কাজ ঝুলে আছে তার অনেকগুলোর কার্যাদেশ দেওয়া হবে এ মাসেই। তিনি বলেন, দাতাদের শর্তের কারণেও অনেক কাজ সময়মতো এগোতে পারেনি। তবে রেলওয়ের উন্নয়নের জন্য সংসদীয় কমিটি থেকে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। অনেক দেশেই রেলের জন্য আলাদা মন্ত্রণালয় আছে। বিশেষজ্ঞ মত: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকার নিজেও বারবার স্বীকার করছে যে অবকাঠামো দুর্বলতার কারণে দেশে বিনিয়োগ বাড়ছে না। অথচ রেলের জন্য প্রয়োজনীয় প্রকল্পগুলোর কাজের কোনো অগগ্রতি নেই। সংস্কারকাজ আটকে থাকার কারণে তিন বছর বিশ্বব্যাংক ও এডিবির অর্থগুলো আটকে আছে। সরকারের এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি।