রেল কর্তাদের জ্ঞাত আয়ের বাইরে সম্পত্তি থাকার আভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ কেলেঙ্কারির ঘটনায় সংশ্লিষ্ট সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক, পূর্ব রেলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ মৃধা এবং রেল পুলিশ-ঢাকার কমান্ড্যান্ট এনামুল হকের সম্পত্তির হিসাব চেয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর সঙ্গে ইউসুফ মৃধার স্ত্রী এবং এনামুলের স্ত্রীর সম্পত্তির হিসাবও চেয়েছে দুদক।আজ সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, এই পাঁচজনের নামে নোটিশ পাঠানো হয়েছে। তিনি জানান, দুদকের প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পত্তি থাকার আভাস পাওয়া গেছে।আগামী সাত কর্মদিবসের মধ্যে তাঁদের স্থাবর-অস্থাবর সব সম্পত্তির হিসাব কমিশনে জমা দিতে বলা হয়েছে।গত ৯ এপ্রিল মন্ত্রীর এপিএস ফারুকের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার ঘটনায় দুদক তদন্ত করছে। ওই গাড়িতে ইউসুফ মৃধা ও এনামুল হক ছিলেন। একই বিষয়ে রেল বিভাগের তদন্ত কমিটি গত রোববার তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়ে বলেছে, ‘অর্থ কেলেঙ্কারির সঙ্গে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনের কোনো সংশ্লিষ্টতা নেই।’অর্থ কেলেঙ্কারির ঘটনার পর ইউসুফ মৃধা ও এনামুলকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় চাকরিচ্যুত করা হয় রেলমন্ত্রীর সহকারী ওমর ফারুককে। পরে এই ঘটনার দায় নিয়ে মন্ত্রিত্বও ছাড়েন সুরঞ্জিত। পরে তাঁকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়।