রেল কর্মচারীদের ডিউটি পোশাক, জুতা নেই
পাকশী রেল বিভাগের ৪৬২ জন পি-ম্যান, সান্টিং জামাদার ও লাইন জামাদারদের দীর্ঘ তিন বছর ধরে অফিস থেকে ডিউটি পোশাক দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। আবার তিন বছর আগে তাঁদের যে পলিয়েস্টার কাপড়ের জামা দেওয়া হয়েছিল, প্রচণ্ড গরমে তা পরেও কাজ করা দুঃসাধ্য হয়ে পড়েছে বলে রেল শ্রমিকেরা জানিয়েছেন।এসব অভিযোগের প্রতিবাদে পাকশীতে ৬ এপ্রিল রেলওয়ে পয়েন্টসম্যান ও কর্মচারী সমিতির উদ্যোগে বিক্ষোভ হয়। বিক্ষোভ শেষে রেল শ্রমিকেরা পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের (ডিআরএম) কাছে স্মারকলিপি দেন। এতে শ্রমিকদের তিনটি সমস্যা বাস্তবায়নের দাবি জানানো হয়। পাকশী রেল বিভাগের প্রতিটি স্টেশনে কর্মরত কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।তৃতীয় শ্রেণীর মর্যাদার শ্রমিক-কর্মচারীরা জানান, ১৮৯০ সালের রেলওয়ের বিধিমালা অনুযায়ী তাঁদের নির্দিষ্ট পোশাক পরে ট্রেন পরিচালনা ও রেললাইনের যাবতীয় সংস্কার কাজ করতে হয়। বছরে তাঁদের দুবার ডিউটি পোশাক দেওয়ার নিয়ম। এর মধ্যে রয়েছে শীতের সোয়েটার, ফুলপ্যান্ট, জামা, জুতা ও তিন বছর পরপর রেইনকোর্ট। কর্মচারীদের অভিযোগ, দীর্ঘ তিন বছর ধরে পাকশী রেল বিভাগের বিভিন্ন স্টেশন লাইনে কর্মরত শ্রমিকদের ডিউটি পোশাক দেওয়া বন্ধ রয়েছে। অথচ রেলওয়ের অন্য বিভাগের কর্মচারীরা নিয়মিত পোশাক পাচ্ছেন। তাঁদের অভিযোগ, গত তিন বছর আগে পাকশী রেল অফিস থেকে যেসব পোশাক দেওয়া হয়েছিল, তা খুবই নিম্নমানের ছিল। বর্তমানে ওই সব পলিয়েস্টারের জামা পরে প্রচণ্ড গরমের মধ্যে কাজ করতে হচ্ছে। তা ছাড়া ওই সময় তাঁদের পলিয়েস্টারের জামা দেওয়া হলেও জুতা, প্যান্ট ও রেইনকোর্ট দেওয়া হয়নি। পি-ম্যান বীরেন্দ্র সেনগুপ্ত জানান, প্রচণ্ড গরমের মধ্যে ওই পোশাক পরে কাজ করা যায় না। জুতা না থাকায় রেললাইনের প্রচণ্ড গরমে কাজ করতে এসে তাঁদের পা পুড়ে যায়। এতে ট্রেন চলাচল, পরিচালনা ও লাইন সংস্কার করা তাঁদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ডিটিও শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পোশাক সরবরাহের মূল দায়িত্বে রয়েছেন ডিসিও।ডিসিও অশোক কুমার দের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে তাঁর অফিসে এ বিষয়ে সঠিক তথ্য নেই। রাজশাহী থেকে তথ্যসংগ্রহ করে পরে জানানো হবে। পাকশী বিভাগীয় রেলওয়ের ম্যানেজার এ কে এম মাহাবুব-উল আলম জানান, পোশাকসহ শ্রমিক-কর্মচারীরা তাঁর কাছে তিনটি দাবির কথা জানিয়েছেন। তিনি ইতিমধ্যে পলিয়েস্টার কাপড় পরিবর্তন করে ভালো কাপড় দেওয়ার জন্য সংশ্লিষ্ট অফিসে নির্দেশ দিয়েছেন। তিনি জানান, রেলওয়ের বাজেট স্বল্পতার কারণে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পোশাক ও জুতা সরবরাহে সমস্যা হচ্ছে।