রেল কেলেঙ্কারি: এনামুলের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পূর্বাঞ্চল রেল পুলিশের (ঢাকা) কমান্ড্যান্ট এনামুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আবু সাঈদ বাদী হয়ে রমনা থানায় এই মামলা করেন। নয় মাস নানা টালবাহানার পর গতকাল মঙ্গলবার মামলার সুপারিশ অনুমোদন করে দুদক। আবু সাঈদ জানান, সম্পদের মিথ্যা তথ্য দেওয়ায় এবং ৫৬ লাখ ১৫ হাজার টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগে এনামুল হকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিয়োগ কেলেঙ্কারিতে সম্পৃক্ততা ও সরকারি চাকরির বিধি লঙ্ঘন করায় এনামুল বর্তমানে সাময়িক বরখাস্ত।গত ৯ এপ্রিল রাতে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে পিলখানার বিজিবি সদর দপ্তরে তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়িটি বিপুল পরিমাণ টাকাসহ বিজিবির হাতে আটক হয়। ওই সময় গাড়িতে ফারুকের সঙ্গে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও কমান্ড্যান্ট এনামুল হক ছিলেন। কেলেঙ্কারির দায় নিয়ে রেলপথ মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেন বর্তমানে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি এপিএস ফারুককে চাকরি থেকে বরখাস্ত করেন। আর মৃধাকে সাময়িক বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ। ফারুকের জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় তিনি বর্তমানে কারাগারে আছেন। আর মৃধা রয়েছেন আত্মগোপনে ।