বাংলাদেশ রেলওয়েকে আলাদা বিভাগ করার উদ্যোগ শুরু হয়েছে। তবে এই বিভাগের জনবলকাঠামোর বিষয়ে রেলওয়ে ও যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে মতভিন্নতা রয়েছে। মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, রেলওয়ে বিভাগের নীতিনির্ধারণী পর্যায়ে থাকবেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। কিন্তু রেলওয়ের প্রস্তাবে বলা হয়েছে, কেবল সচিব ছাড়া নীতিনির্ধারণী পর্যায়ের বাকি কর্মকর্তারা থাকবেন তাদের।যোগাযোগ মন্ত্রণালয় এ দুটি প্রস্তাবই মতামতের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠায়। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গত সোমবার প্রথম আলোকে বলেন, সংস্থাপন মন্ত্রণালয় থেকে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য সচিব কমিটিতে পাঠানো হয়েছে। কয়েক বছর আগে করা সেতু বিভাগ কীভাবে হয়েছে এবং রেলওয়ে আগে কীভাবে চলত, তাও যোগাযোগ মন্ত্রণালয় ও রেলওয়ের প্রস্তাবের সঙ্গে পাঠানো হয়েছে।যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, রেলওয়েকে অধিকতর স্বায়ত্তশাসন দেওয়ার লক্ষ্যে ২০০৭ সাল থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে সংস্কার প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পের আলোকেই রেলওয়েকে পৃথক বিভাগ করার প্রক্রিয়া চলছে। এই সংস্কার শেষ না হওয়ায় রেলওয়ের উন্নয়নে প্রতিশ্রুত প্রায় পাঁচ হাজার কোটি টাকার বিদেশি ঋণসহায়তা পাওয়া যাচ্ছে না।সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ রেলওয়েকে আলাদা বিভাগ করার প্রয়োজনীয় প্রস্তাব তৈরি করতে গত ১১ আগস্ট যোগাযোগ মন্ত্রণালয়কে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় রেল বিভাগের জনবলকাঠামো, কার্যবণ্টন এবং টিওঅ্যান্ডই (টেবিল অব অফিশিয়াল অ্যান্ড ইকুইপমেন্টস) সংক্রান্ত প্রস্তাব পাঠাতে ১৮ আগস্ট রেলওয়েকে চিঠি দেয়। রেলওয়ে ৩০ আগস্ট ওই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায়।প্রস্তাবে বলা হয়, রেলওয়ে বিভাগে যোগাযোগমন্ত্রীর পর থাকবেন সচিব। এর নিচে প্রধান নির্বাহী হিসেবে থাকবেন রেলওয়ের মহাপরিচালক। নীতিনির্ধারক এই বিভাগের সাচিবিক দায়িত্ব পালন করবেন রেলওয়ের কর্মকর্তারাই। সব মিলিয়ে বিভাগে কর্মকর্তা থাকবেন ৬৬ জন। আর নীতি বাস্তবায়ন করবে রেলওয়ে বোর্ড। এই বোর্ডের চেয়ারম্যান হবেন রেলওয়ের মহাপরিচালক এবং সদস্যরা হবেন অতিরিক্ত মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তারা। বোর্ড জবাবদিহি করবে যোগাযোগমন্ত্রীর কাছে।প্রস্তাবে বলা হয়, এ রকম হলে কাজে গতি আসবে। রেলওয়ের এক কর্মকর্তা জানান, তাঁদের প্রস্তাবটি অনেকটা ভারতের রেলওয়ের আদলে করা।তবে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, রেলওয়ে বিভাগে একজন সচিবের নেতৃত্বে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সহকারী সচিবসহ ১০৮ জনের জনবলকাঠামো থাকবে। অর্থাৎ বিভাগে রেলওয়ের কোনো কর্মকর্তা থাকবেন না। তবে নীতি বাস্তবায়নের জন্য গঠিত রেলওয়ে বোর্ডের প্রধান হবেন রেলওয়ের মহাপরিচালক। বোর্ডে তাঁর ওপরে থাকবেন রেলওয়ে বিভাগের সচিব ও যোগাযোগমন্ত্রী।সূত্র জানায়, প্রস্তাবের বিষয়ে সচিব কমিটি অনুমোদন দিলে তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে।যোগাযোগমন্ত্রী বলেন, উন্নয়ন-সহযোগীরা রেলওয়ের অধিকতর স্বায়ত্তশাসন চায়। রেলওয়ের প্রস্তাবটি ভালো, তবে এ বিষয়ে তাঁর নিজস্ব কোনো মতামত নেই।জানা গেছে, উন্নয়ন-সহযোগীরাও রেলওয়ের প্রস্তাবটিকেই বেশি গ্রহণযোগ্য বলে মনে করছে। রেলওয়ের এক কর্মকর্তা বলেন, মন্ত্রণালয়ের প্রস্তাব বাস্তবায়িত হলে রেলের ক্ষমতা বাড়বে না, বরং আমলাতান্ত্রিক জটিলতায় কাজে গতি কমে যেতে পারে।রেলওয়ের অধিকতর স্বায়ত্তশাসন ও এর সংস্কারের জন্য উন্নয়ন-সহযোগী বিশ্বব্যাংক, এডিবি ও জাপানি সংস্থা জাইকা দীর্ঘদিন ধরে সরকারকে চাপ দিচ্ছে। সংস্কারের শর্তে তারা প্রায় পাঁচ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু তিন বছর ধরে সংস্কারকাজ চললেও তা চূড়ান্ত রূপ পায়নি। ফলে প্রতিশ্রুত অর্থও ছাড় করছে না তারা।রেলওয়ের সংস্কার: ২০০৪ সালের জাতীয় স্থল পরিবহন নীতিমালায় রেলওয়েকে অধিকতর স্বায়ত্তশাসন দেওয়ার কথা বলা হয়েছে। এরই আলোকে ২০০৭ সালে রেলওয়ের সংস্কারের জন্য এডিবির অর্থায়নে ২৫১ কোটি টাকার একটি প্রকল্প নেয় সরকার।এ বিষয়ে সে সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে করা চুক্তিতে এডিবি শর্ত দেয়, সংস্কার হলে তারা আরও প্রায় দুই হাজার ৮০০ কোটি টাকা ঋণ দেবে। বিশ্বব্যাংক ও জাইকাও সংস্কারের শর্তে রেলওয়ের উন্নয়নে দুই হাজার ১০০ কোটি টাকা ঋণসহায়তার প্রতিশ্রুতি দেয়।রেলওয়ের সংস্কার প্রস্তাব তৈরির জন্য ২০০৭ সালে প্রাইসওয়াটারহাউসকুপারস নামের একটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়। প্রতিষ্ঠানটি রেলওয়েকে আটটি ভাগে (লাইন অব বিজনেস বা এলওবি) ভাগ করার প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে বলা হয়, বিভাগগুলোর মধ্যে রেলওয়ের পরিচালন বিভাগ ট্রেন চালিয়ে এবং সম্পত্তি বিভাগ সম্পদ ব্যবহার করে আয় করবে। অপর ছয়টি বিভাগ থাকবে ইঞ্জিন-কোচ, রেললাইন রক্ষণাবেক্ষণসংক্রান্ত। প্রতিটি বিভাগ রেলওয়ে বোর্ডের কাছে জবাবদিহি করবে।প্রস্তাবটি অনুমোদনের জন্য ২০০৯ সালে যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর এ ব্যাপারে আর অগ্রগতি হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক মাস আগে রেলওয়ের জন্য আলাদা মন্ত্রণালয় করার ঘোষণা দিলে রেলওয়েকে আলাদা বিভাগ করে সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করার উদ্যোগ শুরু হয়।প্রতিশ্রুত ঋণসহায়তা: সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান গত এপ্রিলে যোগাযোগমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীকে চিঠি দিয়ে জানান, রেলওয়ের সংস্কার না হওয়ায় বিশ্বব্যাংক, এডিবি ও জাইকা প্রায় সাত হাজার কোটি টাকার ঋণ আটকে দিয়েছে। চিঠিতে তিনি এক মাসের মধ্যে রেলওয়ের সংস্কার সম্পন্ন করার তাগিদ দেন।এই ঋণের মধ্যে এডিবির দুই হাজার ৮০০ কোটি টাকার ঋণও রয়েছে। এই ঋণ দিয়ে টঙ্গী-ভৈরববাজার পথে আরেকটি রেললাইন স্থাপন, ঢাকা-লাকসাম কর্ডলাইন নির্মাণ, যমুনা সেতুর উন্নয়ন, ঢাকা-টঙ্গী রেললাইনের সিগন্যাল-ব্যবস্থার উন্নয়ন, খুলনা থেকে পার্বতীপুর পর্যন্ত বিভিন্ন রেলস্টেশনের উন্নয়ন, বগুড়া থেকে জামতৈল পর্যন্ত মিটারগেজ রেললাইন স্থাপনের কথা।বিশ্বব্যাংকের প্রতিশ্রুত ঋণে আখাউড়া-লাকসাম রেলপথের উন্নয়ন, আখাউড়া-লাকসাম পথে নতুন একটি রেললাইন স্থাপন, ১৫টি মিটারগেজ ইঞ্জিন ও ৫০টি মিটারগেজ বগি কেনা হবে। জাইকার প্রতিশ্রুত ১০ কোটি ডলার ঋণ দিয়ে চট্টগ্রাম স্টেশনের উন্নয়ন, লাকসাম-চিনকি আস্তানা পথে নতুন একটি রেললাইন স্থাপন, পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ উন্নয়ন ও বেশ কিছু ইঞ্জিন কেনা হবে।