রেল মন্ত্রণালয়ের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ট্রেনের সময়সূচি ঠিক থাকছে না’ শিরোনামে প্রথম আলোতে গতকাল বুধবার প্রকাশিত প্রতিবেদনের একাধিক তথ্যের প্রতিবাদ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।গতকাল বুধবার পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়, প্রতিবেদনে প্রকাশিত তথ্য অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বর্তমান সরকার রেলপথ মন্ত্রণালয় গঠনের পর কর্মকর্তা-কর্মচারী ও সাধারণের মধ্যে রেল পরিবহন নিয়ে একটি আশাবাদের ক্ষেত্র তৈরি হয়েছে। সব শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী উজ্জীবিত হয়ে যখন রেলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং রেলের উন্নয়নের সুস্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে, তখনই একশ্রেণীর স্বার্থান্বেষী মহল অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে এবং অপপ্রচার চালাচ্ছে।প্রতিবেদক: রেলের সময়সূচি নিয়ে প্রতিবেদনে প্রকাশিত সব তথ্য রেলওয়ের নথি, মাসিক ও দৈনন্দিন প্রতিবেদন থেকে পাওয়া। এতে অন্য কোনো সূত্রের তথ্য সন্নিবেশিত করা হয়নি। প্রতিবাদপত্রে এসব তথ্যকে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলা হলেও ‘সঠিক’ তথ্য কী, তা মন্ত্রণালয়ের পত্রে বলা হয়নি।প্রতিবাদ: প্রতিবেদনের এক জায়গায় আন্তনগর ট্রেনের সময়ানুবর্তিতা ৭৭ ও ৭৯ শতাংশ অর্জিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ট্রেনের সময়সূচি ঠিক থাকছে না—এ বক্তব্য উপস্থাপন করতে গিয়ে প্রতিবেদক বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করতে গিয়ে নিজের অজান্তেই সঠিক তথ্য দিয়েছেন।প্রতিবেদক: প্রতিবাদপত্রে আন্তনগর ট্রেনের শুধু জানুয়ারি মাসের ৭৭ ও ৭৯ শতাংশ নিয়মানুবর্তিতার তথ্যটি উল্লেখ করা হয়েছে। আর প্রতিবেদনে জানুয়ারি ও ফেব্রুয়ারির সঙ্গে রেলমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগের মাস, অর্থাৎ নভেম্বরের তথ্য দিয়ে পুরো চিত্র তুলে ধরা হয়েছিল। ফেব্রুয়ারি মাসে পূর্বাঞ্চলে ৬০ শতাংশ আন্তনগর, মেইল ও লোকাল ট্রেনে এবং পশ্চিমাঞ্চলে ৭৮ শতাংশ ট্রেন সময় মেনে চলেছে। দুই অঞ্চল মিলে গড়ে ৩১ শতাংশ ট্রেন সময়মতো চলাচল করেনি। মন্ত্রণালয়ের বক্তব্যে ফেব্রুয়ারিতে সময়সূচি মেনে চলা যে জানুয়ারির চেয়ে কমেছে, তা এড়িয়ে যাওয়া হয়েছে।প্রতিবাদ: বর্তমান সরকারের আমলে অনুমোদিত ৩৪ প্রকল্পের মধ্যে ২৩টির কাজ শুরু হয়নি মর্মে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা ঠিক নয়। অনুমোদিত সবগুলো প্রকল্পই যথাযথ নিয়মে শুরু হয়েছে। কোনো প্রকল্পের কাজ শেষ পর্যায়ে, কোনোটি মাঝপথে, আবার কোনোটির কাজ প্রাথমিক পর্যায়ে।প্রতিবেদক: প্রকল্পের বর্তমান অবস্থার এই হিসাব রেলওয়ের তৈরি গত ফেব্রুয়ারি মাসের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন থেকে নেওয়া। প্রতিবেদনের তথ্য মিথ্যা দাবি করলেও মন্ত্রণালয় কোন প্রকল্পের কাজ কতটুকু হয়েছে, পত্রে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি।প্রতিবাদ: ১৬০টি স্টেশন বন্ধ রয়েছে মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা তথ্যভিত্তিক নয় এবং গত এক বছরের মধ্যে কখনোই ১৬০ স্টেশন বন্ধ ছিল না।প্রতিবেদক: প্রতিবেদনে বলা হয়েছে, গত চার বছরে রেলওয়ের ১৬০টি স্টেশন বন্ধ হয়েছে। এর মধ্যে ১১৯টি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ৪১টি স্টেশন আংশিকভাবে বন্ধ আছে। এই তথ্য রেলওয়ে থেকে নেওয়া।