রেল রক্ষা সংগ্রাম কমিটির কর্মকাণ্ড
এ এলাকায় রেল বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে গঠিত হয় ‘সর্বদলীয় রেল রক্ষা সংগ্রাম কমিটি’। কমিটি আন্দোলন শুরু করে। এ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ১৯৯৮ সালের ১ জুন সর্বদলীয় সংগ্রাম কমিটির পক্ষ থেকে রাজবাড়ীতে হরতাল আহ্বান করা হয়। কিন্তু ওই হরতালের আগের দিন ৩১ মে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সংগ্রাম কমিটির নেতাদের সঙ্গে আলোচনা হয়। ওই সময় কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথ আবার চালু করা হবে বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন। এই প্রতিশ্রুতির কারণে পরের দিনের হরতাল প্রত্যাহার করা হয়।২০০৮ সালে গঠিত হয় ‘কালুখালী-ভাটিয়াপাড়া ও মধুখালী-কামারখালী পরিত্যক্ত রেলওয়ে সম্পদ রক্ষণাবেক্ষণ কমিটি’। মধুখালী রেলস্টেশনের একটি কক্ষে চালানো হচ্ছে এই কমিটির কর্মকাণ্ড। গত ২৫ সেপ্টেম্বর এই কমিটির ১৫ সদস্যবিশিষ্ট একটি নির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি আবদুস সোবহান। আবদুস সোবহান প্রথম আলোকে জানান, রেলের জমির ৭৫ শতাংশ অবৈধ দখলদারদের দখলে চলে গেছে, যা উদ্ধার করার কোনো উদ্যোগ রেল কর্তৃপক্ষ নেয়নি। ১২৫ ঘোষপুর মৌজায় রেলের ৩৮ একর জমি স্থানীয় সুভাষ গং নিজেদের নামে রেকর্ড করে ভোগদখল করছেন। বোয়ালমারীতে রেলের জমি দখল করে সীমানাপ্রাচীর দেওয়া হয়েছে। ভাটিয়াপাড়ায় রেলের জমির ওপর গড়ে উঠেছে বাজারসহ বিভিন্ন গোডাউন।২০০৬ সালে বোয়ালমারীতে গঠিত হয় রেল চালু সংগ্রাম পরিষদ। কালুখালী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত প্রতিটি স্টেশনে গঠিত হয় সংগ্রাম পরিষদের শাখা কমিটি। ওই সংগঠনের সদস্য সচিব গাজী শাহিদুজ্জামান বলেন, ‘রেল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এ অঞ্চলের কয়েক কোটি টাকার রেলসম্পদ নিয়ে এক ধরনের বাণিজ্য শুরু হয়েছে। এর সঙ্গে জড়িয়ে পড়েছেন সুযোগসন্ধানী, রাজনৈতিক শক্তি ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এই পথে রেল চালু এবং রেলের সম্পদ লুটপাট বন্ধের দাবিতে আমরা গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছি। অচিরেই এই রেলপথ চালুর দাবিতে ৭২ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করার প্রস্তুতি চলছে।’রেলের জমি নয়-ছয় করার অভিযোগরেল রক্ষা কমিটির সদস্যদের বিরুদ্ধেও রেলের জমি নয়-ছয় করার অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এলাকার কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি অভিযোগ করেন, রেল রক্ষার নামে এই কমিটি রেলের জায়গা বিক্রি, ইজারার ভুয়া কাগজ ধরিয়ে দিয়ে টাকা নেওয়াসহ বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। এদের অনুমতি ছাড়া রেলের কোনো জমি দখল হয়নি। এদের নজরে না এনে কোনো গাছ কাটা হয়নি। এদের অনুমতি ছাড়া কেউ রেলের জমির ওপর একটি খুঁটিও পোতার সাহস রাখে না।এ অভিযোগ অস্বীকার করে রেল রক্ষা কমিটির সাভাপতি আবদুস সোবহান বলেন, ‘আমরা রেলের সম্পত্তি রক্ষার জন্য কী করছি তা সবাই জানে। যারা রেলের জায়গা দখল করতে চায় কিন্তু আমাদের তৎপরতার কারণে পারেনি, তারাই এ-জাতীয় কুৎসা রটিয়ে বেড়াচ্ছে।’