রেলওয়ের উচ্ছেদ অভিযানে হামলার ঘটনায় মামলা
নারায়ণগঞ্জ রেলওয়ের কলোনিতে স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও এলাকাবাসীর কয়েক দফা সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাত ১২টায় সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বাদী হয়ে মামলাটি করেন। এতে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। মামলায় রেলওয়ের উচ্ছেদকৃত কলোনি ও দোকানের ১২ জন বাসিন্দার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে পুলিশ নাগরিক কমিটির নামধারী কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তির নির্দেশে পুলিশের ওপর এই হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেন।গতকাল রেলওয়ের কলোনিতে স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ-এলাকাবাসীর কয়েক দফা সংঘর্ষে শহরের সিরাজউদ্দৌলা সড়ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই সংঘর্ষে সাংবাদিক, পুলিশের সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। জেলা পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম বলেন, সংঘর্ষে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের, দুই এসআইসহ নয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত্ আইভী তাঁর প্রতিক্রিয়ায় অভিযোগ করে বলেন, যে প্রক্রিয়ায় উচ্ছেদ অভিযান হয়েছে, তা অমানবিক। পরিত্যক্ত কলোনির এই জায়গা একসময় তত্কালীন পৌরসভার সম্পত্তি ছিল। রেলের উন্নয়নের জন্য ওই জমি অধিগ্রহণ করা হয়েছিল। অথচ এখন তথাকথিত রেলের কর্মচারী সমিতির নামে মার্কেট তৈরির জন্য এই জমি লিজ দেওয়া হচ্ছে।এর আগে গত ৯ জানুয়ারি উচ্ছেদ অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় জনপ্রতিনিধির অনুরোধে সে সময় অভিযান বন্ধ রাখা হয়।