রেলওয়ের কর্মকর্তাদের হুমকি দিলেন শ্রমিক লীগ নেতা!
রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগের নেতা-কর্মীরা আজ রোববার পশ্চিমাঞ্চল রেলওয়ের অর্থ উপদষ্টো ও প্রধান হিসাব অধিকর্তা জুবায়ের আহাম্মেদ খানসহ কর্মকর্তাদের হুমকি-ধমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।রেলওয়ে সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের জুনিয়র নিরীক্ষক পদ থেকে টিটিই (ট্রাভেলিং টিকিট এক্সামিনার) পদে পদোন্নতির জন্য কিছুদিন আগে পরীক্ষা নেওয়া হয়। এ পরীক্ষায় অংশ নেন রেলওয়ে শ্রমিক লীগের কয়েকজন নেতা। কিন্তু পরীক্ষার ফলাফল আজ বিকেল পর্যন্ত ঘোষণা করা হয়নি।জুবায়ের আহাম্মেদ অভিযোগ করেন, বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগের সম্পাদক ওয়ালী খানের নেতৃত্বে আট-দশজন নেতা-কর্মী তাঁর কার্যালয়ে গিয়ে জানতে চান, কেন পদোন্নতি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে না। একপর্যায়ে তাঁরা তাঁকেসহ কর্মকর্তাদের গালাগাল করেন এবং হুমকি-ধমকি দেন। হিসাব বিভাগের কর্মকর্তারা পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আনহার মাহমুদের দপ্তরে গিয়ে ঘটনাটি জানান। মহাব্যবস্থাপক বিষয়টি সুরাহার আশ্বাস দিলে তাঁরা কর্মস্থলে ফিরে যান।আনহার মাহমুদ বলেন, 'হিসাব বিভাগের কর্মকর্তারা আমার কাছে এসে অভিযোগ করে গেছেন। বিষয়টি সমাধানের জন্য সময় নিয়েছি।'তবে কর্মকর্তাদের সঙ্গে দুর্বযবহারের অভিযোগ অস্বীকার করেছেন শ্রমিক লীগের নেতা ওয়ালী খান। তিনি প্রথম আলোকে বলেন, 'পরীক্ষার ফল কেন প্রকাশ করা হচ্ছে না, তা জানতে সেখানে গিয়েছিলাম। কারও সঙ্গে খারাপ আচরণ করিনি।'