রেলওয়ের জন্য পৃথক মন্ত্রণালয় চালুর সুপারিশ সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাশ্রয়ী ও নিরাপদ যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে রেলওয়ের জন্য পৃথক মন্ত্রণালয় চালুর সুপারিশ করেছে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার সংসদ সচিবালয়ে কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মুজিবুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় বলা হয়, অবহেলিত রেলওয়েকে বাঁচিয়ে রাখতে নতুন মন্ত্রণালয় জরুরি হয়ে পড়েছে। প্রতিবেশী দেশ ভারতেও রেলেওয়ের জন্য আলাদা মন্ত্রণালয় রয়েছে।সভায় বলা হয়, যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যপরিধি বড় হওয়ায় একদিকে নজর দিলে অন্যদিক অবহেলিত থেকে যাচ্ছে। আর এর ফাঁকে পড়ে রেলওয়ে আর এগোতে পারছে না; ক্রমেই হারিয়ে যাচ্ছে; জনবলের অভাবে রেলওয়ের সেবা বিঘ্নিত হচ্ছে; অনেক স্থানে রেল সার্ভিস বন্ধ হয়ে যাচ্ছে—এসব কারণে দীর্ঘদিন ধরে রেলওয়ের যোগাযোগ মাধ্যমের উন্নয়ন সম্ভব হচ্ছে না।সভায় রেল যোগাযোগকে আধুনিকায়নের জন্য জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।সভায় সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কসপের প্রয়োজনীয় উন্নয়ন ও জনবল সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা হয়। সভায় এ ওয়ার্কসপে দ্রুত জনবল নিয়োগের সুপারিশ করা হয়।একই সঙ্গে সারা দেশে অবৈধভাবে দখল হয়ে যাওয়া রেলওয়ের জমি উদ্ধার এবং অব্যবহূতভাবে পড়ে থাকা রেলওয়ের জমি পরিকল্পিতভাবে কাজে লাগানোরও নির্দেশনা দেওয়া হয়।কমিটির সদস্য মো. জিল্লুর হাকিম, নজরুল ইসলাম, একরামুল করিম চৌধুরী, আবু জাহির, গোলাম মাওলা ও অপু উকিল সভায় যোগ দেন।