রেলওয়ের জমি দখলমুক্ত করার ঘোষণা তিন মন্ত্রীর
তেজগাঁও রেলওয়ে স্টেশনসংলগ্ন চার একরের বেশি জায়গা দখল করে গড়ে ওঠা ট্রাক ও কাভার্ড ভ্যানের স্ট্যান্ড ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আজ রোববার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও রেলমন্ত্রী মুজিবুল হক যৌথভাবে এ ঘোষণা দেন। এ ছাড়া তেজগাঁও রেলওয়ে স্টেশনের আশপাশের সড়কে অবৈধভাবে রাখা গাড়ি ও আবর্জনা অপসারণ করে তা চলাচলের উপযোগী করতেও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন মন্ত্রীরা। সকালে তেজগাঁওয়ে কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে তাঁরা এসব নির্দেশ দেন।রেলমন্ত্রী মুজিবুল হক কাভার্ড ভ্যান মালিকদের উদ্দেশে বলেন, রেলের জমি দখলমুক্ত করে সেখানে টার্মিনাল নির্মাণ করা হবে। ট্রাক ও কাভার্ড ভ্যান রাখার কাজে ব্যবহূত হলেও টার্মিনালটি রেলওয়ের নিয়ন্ত্রণে থাকবে বলে জানান তিনি। জায়গাটি অবৈধ দখল থেকে মুক্ত করতে রেলমন্ত্রী ঢাকা বিভাগের বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা ও বিভাগীয় রাজস্ব কর্মকর্তাকে নির্দেশ দেন। রেলমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর ইচ্ছা, ঢাকা থেকে তেজগাঁও হয়ে টঙ্গী পর্যন্ত সড়কটি তিন থেকে চার লেনে উন্নীত করা। এটি বাস্তবায়নের চেষ্টা চলছে।টার্মিনাল প্রসঙ্গে কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান বলেন, সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবস্থা করা হলে তাঁরাও এ কাজে সহায়তা করবেন। এ ব্যাপারে মন্ত্রী বলেন, ‘টার্মিনালের বাইরে গাড়ি রাখা হলে তা তুলে নিয়ে যাওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হবে। টার্মিনালের ভেতরে কেবল ট্রাক থাকবে, গাড়ির যন্ত্রাংশ ফেলে রাখা যাবে না।’এই টার্মিনালের নামকরণ আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুর রাজ্জাকের নামে করার প্রস্তাব দেন সাংসদ আসাদুজ্জামান কামাল। বৈঠকে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।