সায়েদাবাদের আ.লীগ-যুবলীগ নেতারা জড়িত। রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের যোগসাজশ
রেলওয়ের জমিতে অবৈধ মার্কেট
রাজধানীর সায়েদাবাদ রেল ক্রসিংয়ের উত্তর দিকে প্রায় ৪০ কোটি টাকা মূল্যের রেলওয়ের জমি দখল করে মার্কেট তৈরি করেছেন আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতারা। ‘সায়েদাবাদ সুপার মার্কেট দোকান মালিক সমিতি’র আড়ালে দোতলা এই মার্কেটে দোকান বরাদ্দও চলছে। প্রতিটি দোকান ১০-১২ লাখ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ এ ব্যাপারে কিছুই বলছে না।সায়েদাবাদ রেল ক্রসিংয়ের উত্তরে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের পূর্বদিক ঘেঁষে রেলের প্রায় ৭৭ শতাংশ ভূমির ওপর এই মার্কেট করা হয়েছে। সায়েদাবাদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির নামে জমি দখল করা হলেও এর মূল উদ্যোক্তা যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মহিউদ্দিন আহম্মদ। বর্তমান সরকার ক্ষমতায় এসে মহিউদ্দিনকে বাংলাদেশ সমবায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।জানা গেছে, সায়েদাবাদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মহিউদ্দিনের ভাই মইনউদ্দিন আহম্মদ, ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মুশফিকুল মান্নান, স্থানীয় বাসিন্দা তাজুল ইসলাম, মফিজুর রহমানসহ আরও কয়েকজন এই দখলবাজির সঙ্গে জড়িত। রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারীও এর সঙ্গে যুক্ত বলে জানা গেছে।মার্কেটটির অবস্থান ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ১০ গজের মধ্যে। মার্কেটের পেছনে সায়েদাবাদ বাস টার্মিনালের দেয়াল। দোতলা এই মার্কেটের সামনের কিছু অংশ একতলা। সব মিলিয়ে নিচতলায় প্রায় ৩০০ দোকান করা হয়েছে। ওপরে আরও প্রায় ২০০ দোকান। এসব দোকানের আয়তন ৮০ থেকে ১০০ বর্গফুট। দ্বিতীয় তলা ও সামনের কিছু দোকান পাকা দেয়ালের ওপর টিনের ছাউনি দিয়ে তৈরি। নিচতলার একাংশের ওপরে কংক্রিটের ছাদ।রেলওয়ের কর্মকর্তারা জানান, ওই এলাকায় প্রতি শতাংশ জমির বাজার মূল্য ৫০ থেকে ৫৫ লাখ টাকা। সে হিসাবে জমির মূল্য কম হলেও ৪০ কোটি টাকা। প্রতিটি দোকান ১০-১২ লাখ টাকা করে বিক্রি হলেও দোকান বিক্রি বাবদ ৬০ কোটি টাকারও বেশি আয় করার পরিকল্পনা করছেন দখলকারীরা।রেলওয়ের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এভাবে অবৈধ জমি দখল করে তৈরি করা মার্কেটে যাঁরা দোকান কিনবেন, তাঁদের দুই ধরনের ঝুঁকিতে পড়তে হবে। প্রথমত, যেকোনো সময় উচ্ছেদের ঝুঁকি রয়েছে। দ্বিতীয়ত, সরকার বদল হলে নতুন নিয়ন্ত্রক এসে পুনরায় টাকা দাবি করবে।সূত্র জানায়, ক্ষমতার পালাবদল হলে যাতে সমস্যায় পড়তে না হয়, সে জন্য স্থানীয় বিএনপির নেতাদেরও কিছু দোকান দেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের কিছু ক্ষমতাধর ব্যক্তির জন্যও বরাদ্দ রাখা হয়েছে কিছু দোকান। সব মিলিয়ে ৫০০ দোকানের মধ্যে ৫০-৭০টি ‘উপহার বা খুশি করার’ জন্য রাখা হয়েছে।দোকানগুলোতে অ্যালুমিনিয়ামের সাটার লেগে গেছে। এখন চলছে পলেস্তারা ও রং করার কাজ। কিছু দোকানে সাজসজ্জাও চলছে।যুবলীগের নেতা মহিউদ্দিন প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি নন, সায়েদাবাদ সুপার মার্কেট দোকান মালিক সমিতি এটা করেছে। তবে তাঁর বাসার কাছাকাছি হওয়ায় এবং দলীয় লোকজন জড়িত বলে তিনি বিষয়টি জানেন। মহিউদ্দিন বলেন, এই জমিটি একসনা চুক্তির মাধ্যমে রেলওয়ে থেকে নেওয়া হয়েছে। স্থায়ী বরাদ্দের জন্য এখন আবেদন করা হয়েছে।সূত্র জানায়, অবৈধ দখলদারেরা কোনো জমি দখল করলে বছর শেষে ‘ক্ষতিপূরণ’ বাবদ এককালীন জরিমানা আদায় করে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। নিয়মানুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার পর ওই জমি থেকে উঠে যাওয়ার কথা দখলকারীদের। কিন্তু রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে ক্ষতিপূরণের রসিদকে ‘একসনা’ লাইসেন্স হিসেবে দেখিয়ে আবারও ভোগদখল শুরু করা হয়। কখনো এই ক্ষতিপূরণের রসিদ দেখিয়ে আদালতে মামলা করেন দখলদারেরা। সায়েদাবাদের এই জমির ক্ষেত্রেও এ ঘটনা ঘটেছে। ক্ষতিপূরণ রসিদ দেখিয়ে দখলি এই জমি থেকে উচ্ছেদ ঠেকানোর জন্য দুটি রিট মামলা করেন দখলদারেরা। একটির বাদী মহিউদ্দিন ও তাঁর দুই ভাই। এই মামলায় গত জানুয়ারি মাসে ছয় মাসের স্থিতাবস্থা দিয়েছেন হাইকোর্ট। অন্যটির বাদী মনোয়ার হোসেন। এই মামলায়ও গত জানুয়ারি মাস থেকে তিন মাসের স্থিতাবস্থা আছে।আওয়ামী লীগের নেতা মনোয়ার হোসেন বলেন, ‘এই জায়গায় আগে অসামাজিক কার্যকলাপ হতো। সে জন্য মার্কেট করে এটা দূর করার উদ্যোগ নিয়েছি।’জানা গেছে, রেললাইন ঘেঁষে অবৈধ স্থাপনা তৈরি বন্ধে রেলওয়ের বিভাগীয় নির্বাহী প্রকৌশলী-১ (ডিইএন-১) গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত ভূসম্পত্তি বিভাগে তিন দফা চিঠি দিয়েছেন। ডিইএন-১ থেকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দপ্তরে কয়েকটি এজাহারও করা হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সূত্র জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই এ চক্রটি রেলওয়ের জমিটিতে মার্কেট নির্মাণের চেষ্টা চালিয়ে আসছিল।সূত্র জানায়, রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ মার্কেট তৈরি হওয়ার পর দখলদারদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে একটি মহাপরিকল্পনা তৈরি করেছে, যাতে জমিটি রেলওয়ে কল্যাণ ট্রাস্টের অধীনে নিয়ে দখলদারি পাকাপোক্ত করা যায়।রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা আহমদুল হক প্রথম আলোকে বলেন, জমিটি আগেই অবৈধ দখলে ছিল। উদ্ধার করার পর এই ফাঁকে মার্কেট করা হয়েছে। এখন এটি রেলওয়ে কল্যাণ ট্রাস্টের অধীনে দেওয়ার প্রক্রিয়া চলছে। মহাপরিকল্পনা ছাড়া কীভাবে কল্যাণ ট্রাস্টকে দেবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।অবশ্য রেলওয়ে কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সায়েদাবাদ রেল ক্রসিংয়ের কাছে কল্যাণ ট্রাস্টের কোনো প্রকল্প আছে বলে তাঁর জানা নেই।রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে নতুন একটি লাইন করার প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়। পদ্মা সেতুতে রেলসংযোগ দেওয়ার কথা এই পথেই। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম কর্ডলাইনও এদিকেই হওয়ার কথা। সে হিসেবে বর্তমান রেললাইনের পাশে অন্তত ৩০০ ফুট জায়গা দরকার। অথচ মার্কেট করা হয়েছে একেবারে রেললাইন ঘেঁষে। সারা দেশে বেহাত জমি: রেলওয়ের মোট জমি আছে প্রায় ৬৩ হাজার ৩৭২ একর। এর মধ্যে সরাসরি রেলওয়ের কার্যক্রমে ব্যবহূত হচ্ছে প্রায় ৩৭ হাজার ৯৪৩ একর জমি। বাণিজ্যিক, কৃষি, মৎস্য ও নার্সারি কাজে ইজারা দেওয়া হয়েছে প্রায় ১২ হাজার ১৫২ একর।অব্যবহূত জমির পরিমাণ ১৩ হাজার ২৭৭ একর। রেলওয়ে কর্মকর্তারা জানান, অব্যবহূত প্রায় সবটাই অবৈধ দখলে। মাঝেমধ্যে জরিমানা আদায় করে কিছু জমি উদ্ধার করা হলেও রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের লোকজনের সঙ্গে যোগসাজশে সেগুলোও পুনরায় দখল হয়ে যায়।কাগজে-কলমে রেলওয়েতে বেহাত জমির যে হিসাব আছে সে অনুযায়ী অবৈধভাবে দখল করা জমির পরিমাণ দুই হাজার ৯১ একর। এর মধ্যে সরকারি বিভিন্ন বিভাগের দখলে ৮০৪ একর এবং বেসরকারি বা বিভিন্ন ব্যক্তির দখলে রয়েছে এক হাজার ২৮৬ একর জমি।রেলওয়ের মহাপরিচালক টি এ চৌধুরী বলেন, সায়েদাবাদে কোনো জমি ইজারা দেওয়া হয়নি। কল্যাণ ট্রাস্টেরও কোনো আবেদন আসেনি। আদালতের কিছু নির্দেশনা আছে। খুব শিগগির উচ্ছেদ করা হবে।