রেলকে বাঁচাতে এরশাদের বিকল্প নেই
রেলওয়ে খাত ধ্বংসের পথে। অথচ এ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। রেলওয়ের আধুনিকায়নে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের কোনো বিকল্প নেই। দেশের জনগণ এরশাদকে আবার রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। আজ শুক্রবার নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত এক সভায় রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টির নেতারা এসব কথা বলেছেন। সকালে সংগঠনের সৈয়দপুর কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলে মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির ভাষণ দেন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি শাহ আলম তালুকদার। সভায় আগামী ডিসেম্বরের মধ্যেই কেন্দ্রীয় কমিটির সম্মেলন আহ্বানের ওপর গুরুত্ব দেওয়া হয়।সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি শাহীনুর রহমান শাহীন, মনসুর আলী, এস এম নূরুন্নবী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সংগঠনের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক টিপু বিশ্বাস, রাজশাহী শাখার সম্পাদক আজা আলী মিয়া, লালমনিরহাট শাখার সম্পাদক আনসার আলী প্রমুখ।