রেলগেটের পাশেই পিকআপ স্ট্যান্ড, শহর যেন মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যত্রতত্র সড়ক দখল তো হচ্ছেই, এবার রেল লাইনের পাশেও আস্তানা গেড়েছে মালামাল বহনকারী পিকআপ। ফলে সৈয়দপুর শহরের এক নম্বর রেলগেট এলাকাটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।পৌরসভার সূত্রমতে, ভৌগোলিক কারণেই দিনাজপুর ও রংপুর দুই বৃহত্তর জেলার মাঝামাঝিতে এর অবস্থান হওয়ায় সৈয়দপুর শহরটি যোগাযোগ ক্ষেত্রে ব্যস্ততম একটি জনপদ। এতে করে শহরে গড়ে ওঠে সাড়ে চার হাজার মাঝারি ও ক্ষুদ্র কুটির শিল্প-কারখানা। এসব কারখানায় উৎপাদিত পণ্য বাজারজাত করতে বড় বড় ট্রাক যেমন শহরে প্রবেশ করে, তেমনই আশপাশের হাট-বাজারে পণ্য পৌঁছে দিতে ব্যবহার হয় ছোট ছোট পিক-আপ। ট্রাকের জন্য পৃথক টার্মিনাল থাকলেও পিকআপ দাঁড়ানোর পৃথক ব্যবস্থা নেই বলে সূত্রটি জানায়। সৈয়দপুরে নীলফামারী জেলা মাইক্রোবাস ও পিকআপ মালিক সমিতি সূত্র জানায়, শহরে রয়েছে দুই শতাধিক পিকআপ ও মাইক্রোবাস। মালিক সমিতির সাধারণ সম্পাদক নিজু আগরওয়ালা জানান, শহরে পিকআপগুলো যেখানে-সেখানে দাঁড় করাতে হয়। শহরের রেলওয়ে বিভাগীয় ক্রীড়া সংস্থার মাঠের একাংশে মাইক্রোবাসের স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। কিছু মাইক্রোবাস ও রেন্ট-এ-কার দাঁড়ায় বঙ্গবন্ধু সড়কে। কিন্তু সত্যিকার অর্থে পিকআপের কোনো স্ট্যান্ড নেই।২৭ অক্টোবর সরেজমিনে সৈয়দপুর শহরের ব্যস্ততম এক নম্বর রেলগেটে একটি অবৈধ পিকআপ স্ট্যান্ড চোখে পড়ে। সেখানে কমপক্ষে ২০টি পিকআপ সারিবদ্ধ দাঁড়িয়ে আছে। অথচ ওই এলাকাটি হচ্ছে পাঁচ সড়কের সংযোগস্থল, কাজেই ব্যস্ত এলাকাটি। মাঝে রেললাইন থাকায় এলাকাটি সব সময় ঝুঁকিপূর্ণ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পিকআপচালক জানান, রেললাইনের ধারটি একটু ফাঁকা মনে হয়েছিল বলেই এখানে এসে আমরা পার্কিং করেছি। ওই এলাকার রেলওয়ে গেটম্যান অলিউর রহমান অভিযোগ করেন, ড্রাইভারদের মানা করলেও শোনেন না কোনো কিছুই। অনেকটা গায়ের জোরেই এখানে তাঁরা পিকআপ দাঁড় করান।রেলওয়ে সূত্র জানায়, ট্রেন চলাচলে বিঘ্ন হচ্ছিল বলে ওই এলাকায় গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা গত তত্ত্বাবধায়ক সরকার আমলে উচ্ছেদ করা হয়। ওই পয়েন্টে রয়েছে রেলওয়ে সিগন্যাল পোস্ট, কাজেই ওই জায়গা সার্বক্ষণিকভাবে প্রতিবন্ধকতামুক্ত থাকা উচিত। পার্বতীপুর রেলপথ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান জানান, সিগন্যাল পয়েন্টে কোনো প্রকার অবসট্রাকশন (প্রতিবন্ধকতা) থাকলে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে দুর্ঘটনার আশঙ্কাও থাকে। তিনি বলেন, বারবার নিষেধ সত্ত্বেও এক নম্বর রেলগেট থেকে পিকআপ স্ট্যান্ড উচ্ছেদ করা যাচ্ছে না। সকালে উঠিয়ে দিলে বিকেলেই আবার আগের অবস্থায় ফিরে যায়। পিকআপচালক মোহাম্মদ নাদিম জানান, ‘পৌরসভা যদি আমাদের জন্য স্ট্যান্ড গড়ে তুলত তাহলে অনেক উপকার হতো।’ তিনি একাধিক পিকআপ স্ট্যান্ড গড়ে তোলার দাবি জানান। পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক নিজু আগরওয়ালা নিজেও স্বীকার করেন, শহরটি ঘিঞ্জি, সে তুলনায় যানবাহন অনেক বেশি। তাই যত্রতত্র পার্কিং ছাড়া ড্রাইভারদের সামনে বিকল্প কিছু নেই। তিনি পৌরসভার কাছে অবিলম্বে একটি পার্কিং এলাকা দাবি করেন।পৌর মেয়র আখতার হোসেন বলেন, ‘শহরটাকে আমরা মরণফাঁদ বানাতে চাই না। অর্থসংস্থান হলে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এর জন্য স্ট্যান্ড তৈরির প্রকল্প হাতে নেওয়া হবে।’