রেলপথে কমছে কনটেইনার পরিবহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে রাজনৈতিক অস্থিতিশীলতায় আমদানি-রপ্তানি বাণিজ্যে মন্দাবস্থার কারণে কমে যাচ্ছে রেলপথে কনটেইনার পরিবহন। চলতি বছরের জানুয়ারির পর রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হওয়ায় কনটেইনার পরিবহন দ্রুত কমছে।রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কমলাপুর অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) পর্যন্ত কনটেইনার পরিবহন করা হয়ে থাকে। গত বছর প্রতি মাসে রেলপথে গড়ে সাড়ে পাঁচ হাজার একক কনটেইনার পরিবহন করা হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতেও রাজনৈতিক অবস্থা মোটামুটি স্থিতিশীল থাকায় কনটেইনার পরিবহন আগের বছরের ধারাবাহিকতায় স্বাভাবিক ছিল। কিন্তু এরপর ফেব্রুয়ারি ও মার্চের চিত্র ধীরে ধীরে খারাপ হচ্ছে। ঘন ঘন হরতালসহ সহিংস রাজনৈতিক কর্মসূচির কারণে আমদানি-রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব এবং এর ফলে কনটেইনার পরিবহনও কমে যাচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।চলতি বছরের জানুয়ারিতে রেলপথে পাঁচ হাজার ৫৭৫ একক কনটেইনার পরিবহন করা হয়। এরপর ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়ায় চার হাজার ৪০৭ একক। আর চলতি মার্চের ২৬ তারিখ পর্যন্ত পরিবহন করা হয়েছে মাত্র তিন হাজার ৭৩৯ একক কনটেইনার। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মো. বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো-নামানো কমে গেছে। এর কারণ, দেশের আমদানি-রপ্তানি কমেছে। ফলে রেলপথে কনটেইনার পরিবহনও কমেছে।’বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর একই অভিমত ব্যক্ত করে বলেন, ফেব্রুয়ারি থেকে দেশের রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে। এর প্রভাব পড়েছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে। ব্যবসায়ীদের ঋণপত্র খোলার হারও কমে যাচ্ছে। ফলে সড়কপথ কিংবা রেলপথে কনটেইনার বা মালামাল পরিবহন কমে গেছে।