রেলপথে নাশকতা ঠেকাতে ইঞ্জিনে পুলিশি পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলপথে নাশকতা ঠেকাতে গতকাল বুধবার থেকে ট্রেনচালকের সঙ্গে ইঞ্জিনকক্ষে দুজন করে সশস্ত্র পুলিশ দেওয়া হয়েছে। কেবল জামায়াত-শিবিরের ডাকা হরতাল কর্মসূচির সময় রেলে নাশকতা সৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার হরতাল ডেকেছে ছাত্রশিবির।শিবিরের হরতাল কর্মসূচিকে সামনে রেখে গতকাল থেকেই চলন্ত ট্রেনে সশস্ত্র পুলিশ দেওয়া হয়েছে। তবে চালকেরা বলছেন, ইঞ্জিনে নয়, রেলপথের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল বাড়ানো দরকার। রেলওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বুধবার বিকেলে ঢাকাগামী গোধূলী এক্সপ্রেসের ইঞ্জিনকক্ষে চালকের সঙ্গে সশস্ত্র দুই পুলিশ দিয়ে আমরা চলন্ত ট্রেনের নিরাপত্তা বাড়িয়েছি। সম্প্রতি রেলে সংঘটিত নাশকতার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনে আগুন দেওয়া, রেললাইন উপড়ে ফেলা বা এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চোখে পড়লে সশস্ত্র পুলিশ দুষ্কৃতকারীদের প্রতিহত করবে।’পুলিশ সুপার আরও বলেন, ‘রেলওয়ে পূর্বাঞ্চলে আমরা গুরুত্বপূর্ণ প্রতিটি ট্রেনের ইঞ্জিনকক্ষে চালকের সঙ্গে দুজন করে সশস্ত্র পুলিশ দিয়েছি। এখন থেকে এভাবেই যাত্রীবাহী ট্রেনের নিরাপত্তা দেওয়া হবে।’রেলওয়ে সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে রেললাইন উপড়ে ফেলা, কোচ ও ইঞ্জিনে আগুন দেওয়াসহ নাশকতা শুরু হয়। গতকাল পর্যন্ত রেলে ১১০টি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পূর্বাঞ্চলে কেবল ৩৮টি মামলা হয়। ছয়টি নাশকতার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দুর্বৃত্তদের চিহ্নিত করা যায়নি। তবে এসব নাশকতার সঙ্গে জামায়াত-শিবির জড়িত থাকতে পারে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করছেন। আমাদের আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, পুলিশের এই নজরদারিতে সন্তুষ্ট নন ট্রেনের চালকেরা। তাঁদের দাবি, রেললাইনের ক্লিপ খোলা থাকলে বা রেললাইন কাটা থাকলে এবং তা দেখা গেলে চালকই নিয়ন্ত্রণ করবেন।গতকাল চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর মহানগর ট্রেনের ইঞ্জিনে সশস্ত্র পুলিশ অবস্থান নেয়। ওই ট্রেনের ইঞ্জিনের চালক মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, এই মুহূর্তে নাশকতা ঠেকাতে প্রয়োজন রেললাইনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশের টহলের ব্যবস্থা করা। রেলপথের নির্জন এলাকাগুলোই বেশি ঝুঁকিপূর্ণ বলে তিনি দাবি করেন। পূর্বাঞ্চল রেলওয়ে এলাকাগুলো হলো ঢাকা-চট্টগ্রাম ও সিলেট বিভাগ।