রেলমন্ত্রীর কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীর কাছ থেকে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ শুনেই রেলের এক বেসরকারি কর্মীর গায়ে হাত তুলেছেন যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সকালে ঈশ্বরদী রেলস্টেশনে এই ঘটনা ঘটে। রেলের কর্মকর্তা-কর্মচারী ও স্টেশনে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন পরিদর্শনে আসেন ওবায়দুল কাদের। তিনি যাত্রীদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। এ সময় খুলনাগামী মহানন্দা ট্রেনের এক যাত্রী অভিযোগ করেন, টিকিট কেটে ওঠার পর ট্রেনের যাত্রী তত্ত্বাবধানকারী (অ্যাটেনডেন্ট) বলরাম দাস তাঁর (যাত্রীর) কাছে অতিরিক্ত টাকা দাবি করেছেন। বলরাম দাস সেখানেই ছিলেন এবং মন্ত্রী তৎক্ষণাৎ তাঁকে থাপড় মারেন। রেল কর্মকর্তা, যাত্রী ও সাংবাদিকদের সামনেই এই ঘটনা ঘটে। মহানন্দা ট্রেনটি রাজশাহী ও খুলনার মধ্যে বেসরকারি তত্ত্বাবধানে চলাচল করে। ঘটনার পরপরই ট্রেনটি স্টেশন ছেড়ে চলে যাওয়ায় অভিযোগের বিষয়ে বলরামের বক্তব্য নেওয়া যায়নি। তবে মন্ত্রীর মতো একজন দায়িত্বশীল ব্যক্তির এভাবে কারও গায়ে হাত তোলায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, অভিযোগ যাচাই করে সংশ্লিষ্ট বিভাগ বা নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়াই মন্ত্রীর জন্য শোভন ছিল।এর আগে মন্ত্রী ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেল কার্যালয়ের অতিথিশালায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি বলেন, ‘রেল দুর্নীতিতে ভরে গেছে। রেলের স্লিপার ও তেল চুরি হয়। টিকিট কালোবাজারি হচ্ছে। সব লুটেপুটে খাচ্ছে একশ্রেণীর দুুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী। তারা রেলকে গলা টিপে মারছে। কে কত সম্পদের মালিক হয়েছে, আমি তাদের ছাড়ব না। তাদের বিরুদ্ধে দুদকের মাধ্যমে তদন্ত হবে।’ বৈঠকে মন্ত্রী চাটমোহর রেলস্টেশনের মাস্টার গাজী গোলাম ফেরদৌস ও পাকশী রেল-ভূমি অফিসের কানুনগো আমিরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ ও বদলির নির্দেশ দেন রেলমন্ত্রী। উপস্থিত লোকজন এ দুজনের বিরুদ্ধে মন্ত্রীর কাছে দুর্নীতির অভিযোগ করলে তিনি তাৎক্ষণিকভাবে এই আদেশ দেন। পরে মন্ত্রী পাবনা-কুষ্টিয়া সংযোগকারী লালন শাহ সেতু এবং টোল প্লাজা পরিদর্শন করেন।