রেললাইন ঘেঁষে স্থাপনা, ঝুঁকিতে ট্রেন চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকাভেদে রেললাইনের ১৬ থেকে ২০ ফুট দূরত্বের মধ্যে যেকোনো স্থাপনা ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ মনে করে বাংলাদেশ রেলওয়ে। অথচ চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের ঝাউতলা রেলস্টেশনের কাছে রেলপথের ১২ ফুট দূরত্বে প্রায় ৩০০ ফুট দীর্ঘ দুটি টিনশেড ঘর বানিয়ে ২৫টি দোকান করেছেন রেল শ্রমিক লীগ ও আওয়ামী লীগের স্থানীয় নেতারা। এসব দখলদারের বিরুদ্ধে ২০ এপ্রিল রেল কর্তৃপক্ষ থানায় মামলা করেছিল। পরদিন উচ্ছেদ নোটিশ দেওয়া হয়।রেলসূত্র জানায়, মামলা ও উচ্ছেদ নোটিশের দুই দিন পর ২২ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন ওই দোকানঘরের জায়গা বাণিজ্যিক ভিত্তিতে দখলদারদের অনুকূলে বরাদ্দ দেওয়ার সুপারিশ করেন। তাঁর সুপারিশের চিঠি পেয়ে রেল কর্তৃপক্ষ পড়েছে বেকায়দায়। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ এপ্রিল চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১২৬ কিলোমিটার দীর্ঘ রেললাইন প্রকল্পের উদ্বোধন করেন। গুরুত্বপূর্ণ এই রেলপথ আরও প্রশস্ত করার পরিকল্পনা আছে। বাংলাদেশ রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা প্রথম আলোকে বলেন, ‘রেললাইনের এত কাছের জমি বাণিজ্যিক ব্যবহারের উদ্দেশ্যে লাইসেন্স দেওয়ার কোনো বিধান নেই।’ মন্ত্রীর সুপারিশের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘সুপারিশ এলেও আমরা তো আর আইন লঙ্ঘন করতে পারি না। কিছু লোক ছদ্মনামে রেলের ওই জায়গা বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহারের আবেদন করেছে। চট্টগ্রাম-কক্সবাজার হয়ে গুমদুম পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কারণে ওই এলাকার রেলপথ প্রশস্ত করতে হবে। প্রয়োজনে কোথাও কোথাও ডাইভারশন বানাতে হবে।’রেল সূত্র জানায়, ওই জায়গায় নির্মিত ঘর উচ্ছেদ না করতে নানাভাবে চাপ আসায় রেলের পূর্বাঞ্চলীয় বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা রশিদ আহমদ ২৪ এপ্রিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠান। এতে বলা হয়, ‘অবৈধভাবে নির্মিত স্থাপনা দুইটি রেললাইনের ১২ ফুটের মধ্যে হওয়ায় রেলচলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি সরকারের অগ্রাধিকার প্রকল্প চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। রেলওয়ের কিছু কর্মচারীও ওই অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িত।’ রশিদ বলেন, দখলদারেরা ওই জায়গায় উচ্ছেদ না চালাতে এবং জায়গাটির বাণিজ্যিক ব্যবহারের লাইসেন্স দিতে নানাভাবে চাপ দিচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঝাউতলা রেলস্টেশনের ৩০০ গজ পশ্চিমে রেললাইনের ১২ ফুট দূরত্বের মধ্যে লম্বালম্বি দুটি টিনশেড স্থাপনা নির্মাণ করা হয়েছে। তবে ছাউনি ৮-১০ ফুট দূরত্বে এসে ঠেকেছে। একটি দোকানের সামনে ‘ঝাউতলা রেলওয়ে কলোনি কল্যাণ সমিতির এবাদতখানা’ নাম দিয়ে সাইনবোর্ড লাগানো হয়েছে।এ দুটি স্থাপনার বিপরীত দিকে রেললাইনের নিরাপদ দূরত্বে কয়েকটি চায়ের দোকান আছে। দোকানি মনির বলেন, ‘কারা দোকান তুলেছে জানি না, তবে রাতে ঘর উঠেছে, এটা জানি।’ এলাকা ঘুরে দেখা গেছে, স্টেশনের পাশের শত বছরের পুরোনো রেলের কেন্দ্রীয় গভীর নলকূপ গুদাম ঘিরে এসব ঘর করা হয়েছে। রেলের পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী আবদুল জলিল ১৭ এপ্রিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেওয়া এক চিঠিতে বলেন, ‘এসব অবৈধ ঘর নির্মাণের কারণে গুরুত্বপূর্ণ ওই গুদামের নিরাপত্তা রক্ষা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।’নেপথ্যে কারা: রেলের জায়গা বাণিজ্যিকভাবে ব্যবহারের লাইসেন্স নিতে আবেদন করেছে ‘ঝাউতলা রেলওয়ে কল্যাণ সমিতি’ নামের একটি সংস্থা। ঘর নির্মাণের পর রাতারাতি ওই প্রতিষ্ঠানের নামে সাইনবোর্ড লাগানো হয়। ঝাউতলা রেলওয়ে সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এমরান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ঝাউতলা রেলওয়ে কল্যাণ সমিতি নামের কোনো সমিতির অস্তিত্ব আগে ছিল না। যারা দোকানঘর তুলেছে, তারাই এই সমিতি বানিয়েছে।’জানা যায়, সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আবুল হোসেন নামের এক ব্যক্তি লাইসেন্সের আবেদন করেন। আবুল হোসেন রেলের কর্মচারী। তবে স্থানীয় আওয়ামী লীগের নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন জানান, আবুল হোসেন রেলওয়ের কর্মচারী নন, শিক্ষক। তিনি আরও বলেন, ‘টিনশেড ঘর তোলার সঙ্গে আমার সম্পৃক্ততা আছে। কারণ এলাকার সাবেক কাউন্সিলর হিসেবে এলাকায় আমার অজ্ঞাতে কিছু হয় না।’ তিনি আরও বলেন, ঝালকাঠির এক ব্যবসায়ীকে রেল কর্তৃপক্ষ এলাকায় ছয় হাজার ৬৭০ বর্গফুট আয়তনের গুদাম বাণিজ্যিক ব্যবহারের জন্য ইজারা দিয়েছে। এখন স্থানীয় রেল কর্মচারীরা সেখানে কিছু দোকানপাট তুলে জায়গাটি দখলে রাখতে চাচ্ছেন। এরাই সেখানে দোকান ঘর তুলেছেন। অভিযোগ আছে, এসব দোকান উচ্ছেদ না করতে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন রেল শ্রমিক লীগের একাংশের যুগ্ম সম্পাদক ও রেলের অডিটর মো. সিরাজসহ ক্ষমতাসীন দলের কিছু নেতা। গত দুদিনে অসংখ্যবার ফোন করা হলেও সিরাজের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।