রেললাইন বিক্রি
দিনাজপুরের পার্বতীপুরে ফুটবল প্রতিযোগিতার মঞ্চ তৈরির কথা বলে রেলের কর্তৃপক্ষের কাছ থেকে চারটি রেললাইন নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। গত ২১ অক্টোবর পার্বতীপুর স্টেশনের হলদীবাড়ি রেলগেটে এ ঘটনা ঘটে।পার্বতীপুরে রেলের উপসহকারী প্রকৌশলীর (ওয়ে) কার্যালয় সূত্রে জানা গেছে, ২২ অক্টোবর পার্বতীপুরে এমপি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতার আয়োজক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইয়ংস্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন পার্বতীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে মঞ্চ তৈরির কথা বলে রেলের সহকারী নির্বাহী প্রকৌশলী এস এম ফজলুর রহমানের কাছে চারটি রেললাইন চেয়ে আবেদন করেন। প্রকৌশলীর নির্দেশে আমজাদকে চারটি রেললাইন হলদীবাড়ির রেলগেটে পৌঁছে দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, সেখান থেকে আমজাদ হোসেন রেললাইনগুলো পার্বতীপুর বাসুপাড়া গ্রামের লৌহ ব্যবসায়ী জিকরুল ও সিঙ্গিমারী দরিখামার গ্রামের শামসুলের কাছে এক লাখ টাকায় বিক্রি করে দেন। পরে টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে আমজাদ ও তাঁর সাঙ্গপাঙ্গদের মতবিরোধ সৃষ্টি হলে ঘটনাটি ফাঁস হয়ে যায়।এ ব্যাপারে রেলের সহকারী নির্বাহী প্রকৌশলী এস এম ফজলুর রহমান বলেন, আমজাদ সাহেব মন্ত্রীর (স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান) রেফারেন্স দিয়ে আবেদন করেন ও খেলা শেষে রেললাইন ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। উপসহকারী প্রকৌশলী (ওয়ে) আহসান হাবিব জানান, দাপ্তরিক আদেশ পেয়েই তিনি রেললাইনগুলো সরবরাহ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রেলের নিজস্ব প্রয়োজনের বাইরে কোনো ব্যক্তিকে রেললাইন বা রেলের মালামাল দেওয়ার কোনো বিধান নেই।এ ব্যাপারে আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, রেললাইন চেয়ে তিনি রেলের কর্তৃপক্ষের কাছে কোনো আবেদন করেননি। তাঁর নামে অন্য কেউ আবেদন করে থাকতে পারে। রেললাইন বিক্রি বা এ সংক্রান্ত কোনো ঘটনা তাঁর জানা নেই।