রেললাইনের মালিক স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম প্রধান লাইনের একটি অংশ জালিয়াতির মাধ্যমে নিজেদের নামে বিএস (বাংলাদেশ সার্ভে) খতিয়ানভুক্ত করে নিয়েছে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার পরিবার। সাহাবউদ্দীন আহমদ ওরফে জাহেদ নামের ওই নেতা চট্টগ্রাম নগরের উত্তর পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।জানা গেছে, পাহাড়তলীর কৈবল্যধাম স্টেশনের কাছে জায়গাটি সাহাবউদ্দীনের দাদা আলী আহমদের নামে খতিয়ানভুক্ত হওয়ায় তাঁর বাবা জমির আহমদ উত্তরাধিকারসূত্রে ওই জায়গার মালিক হন। সে হিসেবে এখন ওই নেতা ও তাঁর চার ভাই ওই জায়গার মালিক। তাঁরা রেললাইন ঘেঁষে দোকানপাট তুলে জায়গাটি নিজেদের দখলে নিতে শুরু করেছেন।রেলওয়ের লোকজন গত বছরের ২০ জুলাই ওই জায়গায় দোকানপাট নির্মাণ বন্ধ করতে যান। কিন্তু সাহাবউদ্দীন দলবল নিয়ে তাঁদের বাধা দেন এবং দুর্ব্যবহার করেন বলে থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। এ নিয়ে রেলওয়ের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (পথ) আবদুল হালিম বাদী হয়ে গত বছরের ২ আগস্ট সাহাবউদ্দীনসহ তাঁর তিন ভাইয়ের বিরুদ্ধে নগরের খুলশী থানায় একটি নিয়মিত মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আনছারুল ইসলাম গত বছরের ৩০ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। তদন্তকালে তিনি একবারও রেলওয়ে কর্তৃপক্ষের কোনো কার্যালয়ে যাননি কিংবা কারও বক্তব্য লিপিবদ্ধ করেননি বলে আনছার নিজেই স্বীকার করেন।জানা গেছে, তদন্ত কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার প্রায় এক মাস আগে গত বছরের ১৮ অক্টোবর রেলওয়ের ভূমি ও দালান বিভাগের ডেপুটি কমিশনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের কাছে এক চিঠি (পত্র নং-ডিইও/অবৈধ দখল/এফআইআর/সদর/২০১০) দেন। এতে তিনি উল্লেখ করেন, আসামিরা স্থাপনাগুলো এখনো সরিয়ে নেয়নি, বরং অননুমোদিত স্থাপনার নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ জানানো হয়।এসআই আনছার প্রথম আলোর কাছে দাবি করেন, ‘বিরোধপূর্ণ জায়গা যে রেলওয়ের, এর সপক্ষে প্রমাণাদি উপস্থাপনের জন্য আমি রেলওয়ে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষ কোনো জবাব দেয়নি। বরং বিবাদী জায়গাটি তাঁদের বলে প্রয়োজনীয় দলিলাদি দাখিল করেন। এ জন্য মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়।’ তিনি বলেন, ‘তদন্ত সঠিক মনে না হলে রেলওয়ে কর্তৃপক্ষ চূড়ান্ত প্রতিবেদনের ওপর আদালতে নারাজি দিতে পারত। সেটাও তারা করেনি।’ তবে রেলওয়ের পূর্বাঞ্চলীয় প্রধান ভূসম্পদ কর্মকর্তা ও যুগ্ম সচিব মো. সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘ব্রিটিশ আমলে হুকুমদখল করা রেলওয়ের জায়গা কেউ খতিয়ানভুক্ত করলেও সেটা রেলওয়েরই থাকবে। পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার বিষয়টি আমাদের জানা নেই। এখন আমরা খতিয়ান সংশোধনের প্রক্রিয়া শুরু করেছি।’কৈবল্যধাম রেলস্টেশনের কাছে বিরোধপূর্ণ জায়গা ঘুরে দোকানপাট তুলে দখলের প্রমাণ পাওয়া যায়। রেললাইনসংলগ্ন একটি আসবাবের দোকানের ভাড়াটে মনির হোসেন বলেন, জমির ও তাঁর ছেলেরা এসব দোকান তুলে ভাড়া দিয়েছেন। তার বিপরীত দিকের চায়ের দোকান জমিরের ছেলেদের।জমিরের ছেলে আজাদ আহমেদ দাবি করেন, ‘এসব আমাদের পৈতৃক সম্পত্তি। ব্রিটিশ আমলে রেললাইন করার সময় ভুলে আমাদের জায়গায় রেললাইন বসানো হয়। এক প্রতিবেশীর সঙ্গে ৩০ বছর মামলায় লড়ে আমরা এসব জায়গার মালিকানার রায় পাই। কিন্তু রেলওয়ের জায়গাটির বিরোধ এখনো নিষ্পত্তি হয়নি।’সাহাবউদ্দীন নিজেকে স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি এবং নগর কমিটির সদস্য বলে পরিচয় দিয়ে বলেন, ‘যে জায়গার খাজনা আমরা বছরের পর বছর দিয়ে যাচ্ছি, সেটা রেলওয়ের হয় কী করে?’রেলওয়ের বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমলে আসাম বেঙ্গল রেলওয়ের অধিগ্রহণ করা আরএস খতিয়ানের ১৪০৩ দাগের বিপরীতে বিএস ১৩৭৬ (সম্পূর্ণ) এবং ১৪৩৭ (আংশিক) দাগ রয়েছে। এর মধ্যে ১৩৭৬ দাগ চট্টগ্রাম-ঢাকা প্রধান লাইন সংযুক্ত এবং রেললাইনের অংশ। জালিয়াতির মাধ্যমে বিএস ১৩৭৬ দাগ জমির আহমদের বাবা আলী আহমদের নামে অবৈধভাবে খতিয়ানভুক্ত করা হয়।রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ধরনের খতিয়ান সংশোধনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীন মহাফেজখানা থেকে খতিয়ানের সইমুরি নকল, ভূমি অধিগ্রহণের নকশা, গেজেট বিজ্ঞপ্তি ইত্যাদি সংগ্রহ করতে হবে। কিন্তু এসব করতে রেলওয়ের লোকবলের অভাব রয়েছে এবং প্রয়োজনীয় অর্থ নেই।