রেলিং ভেঙে ঝুঁকিপূর্ণ চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ঢোলভাঙ্গা সেতুর রেলিং ভেঙে যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ট্রাকের ধাক্কায় সেতুর দক্ষিণাংশ রেলিংয়ের বেশির ভাগ ভেঙে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে বাস ও ট্রাক। অথচ জেলা শহরের সঙ্গে পলাশবাড়ি উপজেলার ১০টি ও সাদুল্যাপুর উপজেলার একটি ইউনিয়নের প্রায় ১১ লাখ মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এ সেতু। গাইবান্ধা সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সূত্র জানায়, স্বাধীনতার পর প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে ঢোলভাঙ্গা খালের ওপর সেতুটি নির্মিত হয়। তখন থেকে এটি ঢোলভাঙ্গা সেতু নামে পরিচিত। নির্মাণের পর অর্থাভাবে সেতুটি আর সংস্কার করা সম্ভব হয়নি। উপরন্তু ট্রাকের ধাক্কায় গত বছর রেলিং ভেঙে যায়। পলাশবাড়ি উপজেলার মহদিপুর গ্রামের ব্যবসায়ী আবুল কাশেম (৫৫) বলেন, ঢাকা-রংপুর মহাসড়ক থেকে জেলা শহরে প্রবেশের একমাত্র উপায় এ সড়কটি। তাই সড়কটি সব সময়ই ব্যস্ত-মুখর। কিন্তু রেলিংটি ভেঙে যাওয়ায় এর ওপর দিয়ে যাতায়াতকারী দ্রুতগামী দূরপাল্লার বাস-ট্রাকগুলোকে চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। বিষয়টি সওজ কর্তৃপক্ষকে জানানো হলেও তারা এটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। এদিকে প্রতিদিন সেতুর পূর্বপাশে ঢোলভাঙ্গা বাজার বসে। তাই সকাল ও বিকেলে সেতুর ওপর দিয়ে যাতায়াতকারী লোকজনের সংখ্যা বেড়ে যায়। ঢোলভাঙ্গা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী জাহিদ হোসেন বলেন, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন এ বাজারে ভিড় করে। কিন্তু রেলিংটির দশার কারণে আতঙ্কে থাকতে হয় তাদের। বিশেষ করে উল্টো দিক থেকে কোনো গাড়ি এলে বিপদে পড়তে হয়। এটি মেরামতের জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না। অন্যদিকে সেতুর পশ্চিম পাশে রয়েছে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান। সকালে ও ছুটির সময় শিশু শিক্ষার্থীদের সেতু পারাপার হতে হয় প্রচণ্ড ঝুঁকির মধ্যে। ঢোলভাঙ্গার পার্শ্ববর্তী মহদিপুর গ্রামের শিক্ষক রফিকুল আলম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির পর অভিভাবক ও শিক্ষকেরা দাঁড়িয়ে থেকে এসব শিশুদের সেতু পার হতে সাহায্য করেন। অথচ সামান্য রেলিং করে দিলে তাদের যাতায়াত অনেকটা নিরাপদ হয়। পলাশবাড়ি শহরের নবীনগর এলাকার রিকশাচালক বাবু মিয়া (৪৫) বলেন, ‘উদাম (খোলা) বিরিজকোনা এ্যাকসা নিয়্যা পার হতে ভয় নাগে। কখন জানি পরি যাই। তাও সোরকারের চোকোত পড়ে না।’এদিকে গাইবান্ধা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এম সেলিম গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, সেতুর রেলিং মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। অচিরেই কাজ শুরু করা হবে।